× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলচ্চিত্রে জাতির পিতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১২:০২ পিএম

চলচ্চিত্রে জাতির পিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ দেশে চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা। তাঁর উত্থাপিত বিলের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। আজ এটি বিএফডিসি নামে পরিচিত। স্বাধীন দেশে অবাধ চলচ্চিত্রচর্চায় বঙ্গবন্ধু বহুবার প্রাসঙ্গিক হয়েছেন গল্পে চরিত্রে। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সংগ্রাম’ সিনেমার একটি দৃশ্যে অভিনয় করেন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটি আজও এ দেশের চলচ্চিত্রের উজ্জ্বল এক গৌরব হয়ে আছে। সম্প্রতি অনেক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে যেখানে বঙ্গবন্ধুর জীবনী এসেছে সরাসরি, কখনওবা জাতির পিতা হয়ে উঠেছেন আদর্শ, চেতনা। আজ জাতীয় শোক দিবসে দেখে নেওয়া যাক এ দেশের চলচ্চিত্রে বঙ্গবন্ধুর উপস্থিতির চালচিত্র-

সংগ্রাম
১৯৭৪ সালে এটি নির্মাণ করেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। এতে বঙ্গবন্ধু নিজেই অভিনয় করেছিলেন। সে সময়ের চিত্রনায়ক কামরুল আলম খান খসরু ও চাষী নজরুল ইসলামের অনুরোধ রক্ষা করতেই এ ছবির শেষদৃশ্যে অভিনয় করেন বঙ্গবন্ধু। এ ছবির চিত্রনাট্যের শেষদিকে ছিল মুক্তিযুদ্ধের পর সদ্যস্বাধীন দেশের সামরিক বাহিনী বাঙালির মুক্তিসংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্যালুট করছে। এ দৃশ্য কীভাবে ধারণ করা যায় তা নিয়ে চিন্তায় পড়ে যান পরিচালক চাষী নজরুল ইসলাম। এক প্রকার দুঃসাহস নিয়ে বঙ্গবন্ধুকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়ে বসেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা খসরু। প্রথমে না করলেও পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মান্নানের মাধ্যমে অনুরোধ করিয়ে অভিনয়ের জন্য বঙ্গবন্ধুকে রাজি করান খসরু। সিনেমার সেই দৃশ্য বিরল এক আর্কাইভ হয়ে আছে এ দেশের চলচ্চিত্রের জন্য।

মুজিব : একটি জাতির রূপকার
ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে জাতির পিতার বায়োপিক। সিনেমার নাম ‘মুজিব : একটি জাতির রূপকার’। এটি পরিচালনা করছেন বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। মুম্বাই ও ঢাকায় এ ছবির শুটিং হয়েছে। বর্তমানে সিনেমাটির এডিটিং ও ডাবিং চলছে। চলতি বছরই মুক্তি দেওয়া হবে। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা রেণুর চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। শেখ রেহানার চরিত্র করছেন সাবিলা নূর। এ ছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ, তফাজ্জল হোসেন মানিক মিয়ার চরিত্রে তুষার খান, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, একে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, শওকত মিয়ার চরিত্রে সিয়াম আহমেদ, জেনারেল ওসমানীর চরিত্রে খন্দকার হাফিজ, আবুল কালাম আজাদকে দেখা যাবে জেলগার্ডের চরিত্রে। ফজলুর রহমান বাবু অভিনয় করছেন খন্দকার মোশতাকের চরিত্রে।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, ভারত (এনএফডিসি) ছবিটি প্রযোজনা করছে।

টুঙ্গিপাড়ার মিয়া ভাই
শাপলা মিডিয়ার প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আরেক ছবি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সেলিম খান পরিচালিত সিনেমাটি এরই মধ্যে মুক্তি পেয়েছে। এতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা গেছে শান্ত খানকে। বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। ছবিটি বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল সরকারি-বেসরকারি টেলিভিশনে দেখানো হয়।

৫৭০
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের হাতে সপরিবার খুন হন বঙ্গবন্ধু। রুপালি পর্দায় সেই দিনটার ঘটনা তুলে ধরা হচ্ছে ‘৫৭০’ সিনেমার মাধ্যমে। বাপ্পি চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া একজন সেনাবাহিনীর সৈনিক চরিত্রে দেখা যাবে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটি চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাপ্পি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মাসুম আজিজ, স্বাধীন খসরু, সুমনা সোমা, কাজী রাজু, এলিনা শাম্মীসহ ৩ শতাধিক শিল্পী।

টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা
বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। সরকারি অনুদানের চলচ্চিত্রটি নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার। এ সিনেমায় উঠে আসবে বঙ্গবন্ধুর কৈশোর ও যৌবনের গল্প। আর এ দুটি সময় তুলে ধরতে সিনেমার বিভিন্ন চরিত্রে থাকছেন শহীদুল আলম সাচ্চু, লুত্ফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, রহমত আলী, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, সৌম্য জ্যোতি প্রমুখ।

চিরঞ্জীব মুজিব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। সিনেমাটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত ছবিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ১৯৪৯-৫২ সালের মধ্যকার ঘটনাপ্রবাহ উঠে এসেছে। এ চলচ্চিত্রে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। ফজিলাতুন নেছা রেণুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান।

মুজিব আমার পিতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য দ্বিমাত্রিক (টু-ডি) অ্যানিমেশন ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা।

তর্জনী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘তর্জনী’। ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মে কেমন প্রভাব ফেলছে, তা তর্জনী সিনেমায় তুলে ধরবেন পরিচালক সোহেল রানা। এ সিনেমায় ১৯৭১, ১৯৭৫ ও ২০১৭—এ তিনটি সময়কে দেখানো হবে। সিনেমার গল্প যৌথভাবে লিখেছেন সোহেল রানা বয়াতি ও শাহাদাত রাসেল। আর চিত্রনাট্য লিখছেন শাহাদাত রাসেল।

আগস্ট ১৯৭৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের পরদিন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নির্মাণ হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সেলিম খান। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মাজনুন মিজান, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, তাসকিন রহমান, মাসুমা রহমান নাবিলা, দিলারা জামান, তৌকীর আহমেদ, তানভীন সুইটি প্রমুখ।

রেডিও
৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসক ভাষণ বাঙালি জাতি শুনতে পেয়েছিল রেডিওর মাধ্যমে। সেই ভাষণ কেন্দ্র করে প্রত্যন্ত গ্রামে জেগে উঠেছিল একদল মুক্তিপাগল জনতা, যা পরবর্তী সময়ে সূচিত করে স্বাধীনতার ভিত্তি। এরকম একটি গল্প নিয়েই সাজানো হয়েছে গল্প। এতে অভিনয় করেছেন রিয়াজ, মমসহ অনেকে।

মাইক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। সিনেমাটি পরিচালনা করেছেন এফএম শাহীন ও হাজান জাফরুল বিপুল। অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ, তানভীন সুইটিসহ অনেকে। গেল সপ্তাহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

দাওয়াল
১৯৪৮ সালে খাদ্য সমস্যা দেখা দিয়েছিল কয়েকটি জেলায়। বিশেষ করে ফরিদপুর, কুমিল্লা ও ঢাকার মানুষ বিপদের সম্মুখীন হয়েছিল। এসব জেলার লোকজন ধান কাটার মৌসুমে দলবেঁধে দিনমজুর হিসেবে খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় যেত। এ দিনমজুরদের দাওয়াল বলা হয়। তৎকালীন পাকিস্তান সরকার হঠাৎ করে এ পেশার মানুষের ওপর অন্যায় নিয়ম চাপিয়ে দেয়। নিয়মের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেন তরুণ শেখ মুজিব। সেই আন্দোলন ও দাওয়ালদের তখনকার জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রের সৌম্য জ্যোতির পাশাপাশি আরও একঝাঁক শিল্পী কাজ করছেন। তারা হলেন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, মোহাম্মদ বারী, একে আজাদ সেতু, নিতাই কর্মকার নীতুসহ অনেকে। এ সিনেমায় অভিনয় করবেন মঞ্চনাটকের অনেক শিল্পীও। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে দাওয়াল নির্মাণ করছেন পরিচালক পিকলু চৌধুরী।

এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে আরও অনেক পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরি হচ্ছে। বলিউডেও বঙ্গবন্ধুর জীবন নিয়ে ছবি নির্মিত হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘ব্যাটল ফর বেঙ্গল’। পরিচালনায় আছেন রিচি মেহতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা