প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ২০:১২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ০০:০৬ এএম
কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমা 'প্রহেলিকা'। চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটি বেশ ভালো সাড়া পেয়েছে৷ এতে জুটি বেঁধেছেন মাহফুজ আহমেদ ও বুবলী। সিনেমার গান, গল্প ও অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে।
দেশ মাতিয়ে সিনেমাটি বিদেশেও প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় ছবিটি দেখতে উপচে পড়ছে দর্শক।
সিনেমাটি অস্ট্রেলিয়ায় পরিবেশন করেছে পথ প্রোডাকশন ও দেশি ইভেন্টস।
তারা জানায়, ছবিটির ১৫টি শো হয়েছে। সবগুলো শোতেই দর্শকের অনেক সাড়া মিলেছে৷ তারা এ সিনেমার গল্প ও গানগুলো খুবই পছন্দ করছেন।
এদিকে সিডনিতে একটি শো শেষে দেখা গেল নন্দিত নায়িকা শাবনূর ও তার ছেলেকে। তাদের সঙ্গে শো দেখেছেন ছবির নায়ক মাহফুজ আহমেদও। শো শেষে এই দুই তারকাকে পেয়ে চমকে যান দর্শক৷ তারা মাহফুজ আহমেদের অভিনয়ের প্রশংসা করেন৷ সেলফিও তোলেন মাহফুজ ও শাবনূরের সঙ্গে।
এ সময় 'প্রহেলিকা' দেখার অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, 'আমি ছবিটি দেখে খুব মজা পেয়েছি৷ ডিফারেন্ট একটা গল্প। চয়নিকা চৌধুরীর কাজ আগেও দেখেছি। তিনি ভালো নির্মাণ করেন। সিনেমাটা দারুণ বানিয়েছেন তিনি৷ আর আমাদের মাহফুজ তো কামাল করে দিয়েছে৷ তার গেটাপ, অভিনয় সব দারুণ। ছবির প্রত্যেকে সেরাটা দিয়েছেন।'
ছবিতে মাহফুজ আহমেদ ও বুবলী ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দিন খানসহ অনেকে।