প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৬:৪৯ পিএম
জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। আশফাক নিপুণের ‘মহানগর’ দিয়ে তিনি আলোচনায় আসেন। দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন অ্যালেন স্বপন চরিত্রে। এরপর কাজ করে যাচ্ছেন নিয়মিতই সিনেমা ও ওটিটি প্লাটফর্মে। বৈচিত্রময় চরিত্রে তার অভিনয় মুগ্ধ করে চলেছে দর্শককে।
এবার এই অভিনেতাকে দেখা যাবে নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায়। টফির মোট ছয়টি বিজ্ঞাপনে ছয়টি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। অতি শিগগিরই বিজ্ঞাপনগুলি প্রকাশিত হতে যাচ্ছে।
টফি ইতোমধ্যে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কনটেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। এই প্ল্যাটফর্মে রয়েছে ১২৫টিরও বেশি দেশি ও বিদেশি লাইভ টিভি চ্যানেল, যা দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে সর্বোচ্চ। এর পাশাপাশি এতে রয়েছে দেশি-বিদেশি নাটক, সিনেমা, ওয়েব সিরিজ ও ইউজার জেনারেটেড কন্টেন্ট দেখার সুবিধা। দেশের যেকোনো ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কন্টেন্টগুলো উপভোগ করা যাবে।
নতুন বিজ্ঞাপনগুলিতে বিভিন্ন চমকপ্রদ চরিত্রের মাধ্যমে টফির বিভিন্ন ফিচারকে উপস্থাপন করতে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। ইতোমধ্যে চলচ্চিত্র ও ওয়েবসিরিজে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও দেশের চলচ্চিত্র ও বিজ্ঞাপন জগতের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় এইবারই প্রথম দেখা যাবে এই অভিনেতাকে। এই ব্যাপারে তিনি বলেন, ‘অনেক দিন পর হিউমারাস রুটে ৬টা বিজ্ঞাপনের একটা সিরিজ করে ভীষণ আনন্দ পেলাম। ছয়টা ভিন্ন চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় টিভিসিগুলোকে সমৃদ্ধ করেছে। নাসির উদ্দিন রকস!’
টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘বিপুল সংখ্যক বিনোদনমূলক কন্টেন্টের সমাহার নিয়ে টফি দেশব্যাপী সকল বয়সের দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। গুণি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা নাসির উদ্দিন খানকে আমাদের অগ্রযাত্রার অংশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই বিজ্ঞাপনের মাধ্যমে টফি-এর বিভিন্ন সুবিধা সম্পর্কে দর্শকরা আরও সুস্পষ্টভাবে জানতে পারবেন।’