প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৩:৩১ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৩:৪৬ পিএম
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাবেক প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এ দুই খ্যাতিমানসহ পাঁচজন। বাকি তিনজন হলেন চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল। ওইদিন তারেক মাসুদের নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর শুটিংয়ের স্থান দেখতে তারেক মাসুদ, মিশুক মুনীর ও তাদের সহকর্মীরা মানিকগঞ্জে যান। ফেরার পথে তাদের মাইক্রোবাসের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা।
দেখতে দেখতে ১২ বছর হয়ে গেল চলচ্চিত্রকার তারেক মাসুদকে হারানোর। তার ১৩তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ স্মরণ এবং তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩-এর আয়োজন করেছে। চলচ্চিত্রকার তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মৃতিতর্পণ এবং তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩-এর পাশাপাশি এদিন শিল্পী এসএম সুলতানের জীবন ও কর্ম নিয়ে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদমসুরত’ প্রদর্শিত হবে।
তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মৃতিতর্পণে অংশ নেবেন তারেক মাসুদের সহোদর শব্দগ্রাহক নাহিদ মাসুদ এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩-এর বিষয় ‘আত্মপরিচয়ের রাজনীতি ও বাংলাদেশের চলচ্চিত্র’। এ বছর তারেক মাসুদ স্মারক বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্র গবেষক, লেখক ও শিক্ষক ফাহমিদুল হক।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও তারেক মেমোরিয়াল ট্রাস্টের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানমালা শুরু হবে বিকাল ৫টায়। এ সময় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র আদমসুরত। সন্ধ্যা ৬টায় তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ। ৬টা ৩০ মিনিটে তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২৩। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
তারেক মাসুদের জন্ম ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামে। মসিউর রহমান মাসুদ-নূরুন্নাহার দম্পতির ছেলে। তার বাবা ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।
শৈশবে স্থানীয় একটি মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেছেন তারেক মাসুদ। এরপর ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে ঢাকায় চলে আসেন। সেখানে নটর ডেম কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।
দেশের চলচ্চিত্রকে বিশ্বদরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন তারেক মাসুদ। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো : মুক্তির গান, মাটির ময়না, রানওয়ে, মুক্তির কথা, আদমসুরত, নরসুন্দর।
এদিকে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। সবার কাছে মিশুক মুনীর নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। তারেক মাসুদের সিনেমা রানওয়ের প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন মিশুক। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাদের দুজনকে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করে সরকার।