বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২২ ১৬:২৮ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২২ ১৭:১২ পিএম
ক্রিকেট মাঠে মহেন্দ্র সিং ধোনি ছিলেন মহাতারকা। ক্রিকেটের বাইশ গজে তিনি কতটা সফল, তা পরিসংখ্যান ঘাটলেই বোঝা যায়। তবে ক্রিকেটের বাইরে নিজের আলাদা জগৎ গড়ছেন মাহি। বর্তমানে একাধিক ব্যবসা খুলেছেন ভারতের এ ক্রিকেট আইকন। এবার নিজস্ব প্রযোজনা সংস্থা খুললেন এ ক্রিকেটার।
সিনেমা প্রযোজনায় ধোনির পদার্পণের কথা মাসকয়েক আগেই সামনে এসেছিল। তবে এবার জানা গেল শিগগির বড় আকারে নিজের প্রযোজনা সংস্থা রি-লঞ্চ করবেন তিনি। আপতত দক্ষিণের ছবিতেই বিনিয়োগ করবে ‘ধোনি এন্টারটেনমেন্ট’। তামিল, তেলুগু, মালায়ালাম—এ তিন ভাষায় ছবি তৈরি করবে এ সংস্থা।
এর আগে ‘ধোনি এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে ‘রোয়ার অব দ্য লায়ন’, ‘ব্লেজ টু গ্লোরি', 'দ্য হিডেন হিন্দু'র মতো বেশ কিছু প্রোজেক্ট তৈরি হয়েছে। এ প্রযোজনা সংস্থার কর্ণধার ধোনি ও তার স্ত্রী সাক্ষী।
দুই বছরের প্রতিবন্ধকতা কাটিয়ে চেন্নাই সুপার কিংসের আইপিএলে ফেরার কাহিনি নিয়ে তৈরি ‘রোয়ার অব দ্য লায়ন’। অন্যদিকে ২০১১ সালে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের সোনালি গল্প উঠে এসেছে ‘ব্লেজ টু গ্লোরি’তে। অন্যদিকে অক্ষত গুপ্তর লেখনীর ওপর ভিত্তি করে তৈরি মাইথোলজিক্যাল থ্রিলার 'দ্য হিডেন হিন্দু'।
চলতি বছরের মে মাসে শোনা গিয়েছিল দক্ষিণের একটি ছবি প্রযোজনা করছেন ধোনি, যার নায়িকা নয়নতারা। এবার শোনা যাচ্ছে ফিচারফিল্ম তৈরির কাজ শুরু করতে চলেছে ধোনি এন্টারটেনমেন্ট।
প্রবা/এসএস/এমআই