প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৩:০৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৩:২৫ পিএম
সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য সুরস্রষ্টা, সংগীত পরিচালক ইমন সাহা। আবারও একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ শুরু করেছেন তিনি। শোটির নাম ‘আরটিভি ইয়াংস্টার ইউএসএ-গলা ছেড়ে গাও’। এতে বলা যায়, প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এরই মধ্যে এর বিচারকার্য শুরু হয়েছে। একই শোতে তারই শিষ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী দিলশাদ নাহার কণাও একজন বিচারক হিসেবে আছেন। একই রিয়েলিটি শোতে গুরু-শিষ্যের এই বিচারকার্য দর্শককে মুগ্ধ করছে।
ইমন সাহা বলেন, ‘সত্যি বলতে কি, গুরু তো আসলে অনেকেরই। কিন্তু অনেকেই তা স্বীকার করেন না। কণা স্বীকার করে, এটা তার সত্যিকার অর্থেই বড় মনের পরিচয় বহন করে। কারণ কণা একজন বড় শিল্পী, নিঃসন্দেহে। আজকের কণা হয়ে ওঠার গল্পটা সহজ নয়। সেই ফ্রক পরার বয়স থেকে কণা কাজ করছে। জিঙ্গেলের গাইড ভয়েস, প্লেব্যাকের গাইড ভয়েস দেওয়া থেকে শুরু করে অনেক কষ্ট করেছে কণা। অনেক কষ্টের পর কিন্তু তার আজকের এই অবস্থানে আসা। যারা মনে করেন আজকের কণার তারকা খ্যাতি হুট করে হয়ে যাওয়া, এটা ভুল। কণা এ প্রজন্মের মোস্ট এক্সপেরিয়েন্সড আর্টিস্ট। অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। একই সঙ্গে একই শোতে আমরা বিচারক, বিষয়টাও নিঃসন্দেহে অনেক আনন্দের।’
কণা বলেন, ‘শ্রদ্ধেয় ইমন দাদা আমার গানের একজন গুরু। তারই হাত ধরে প্রথম আমার রাজধানী টেক্সটাইলের জিঙ্গেলে ভয়েস দেওয়া। এরপর অসংখ্য সিনেমায় প্লেব্যাক করেছি। আমার আজকের অবস্থানের নেপথ্যে ইমন দাদার অনেক ভূমিকা রয়েছে। তিনি আমাকে খুবই স্নেহ করেন। গুরুর সঙ্গে একই রিয়েলিটি শোর ব্চিারক হিসেবে কাজ করতে পারছি, এটা আসলেই পরম সৌভাগ্যের। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আরটিভি কর্তৃপক্ষকে, আমাকে এ সুযোগ দেওয়ার জন্য।’
ইমন সাহার সুর-সংগীতে কণার সবচেয়ে সুপারহিট গান ‘পোড়ামন-টু’ সিনেমার ‘ওহে শ্যাম’। এ ছাড়া আরও বেশকিছু সিনেমার গান রয়েছে যা ইমন সাহার সুরে কণার কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে।
এদিকে গেল ঈদে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’র ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছেন ইমন সাহা। আর ২৮ আগস্ট কণা টানা বেশ কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানে তিনি বিভিন্ন স্টেটে সংগীত পরিবেশন করবেন বলে জানিয়েছেন।