প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১৩:০৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১৩:২১ পিএম
বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তারা সুতারিয়া। ২০১৯ সালে নির্মাতা ও প্রযোজক করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমা দিয়ে বি-টাউনে যাত্রা হয় তার। এরপর অভিনয় ও গ্ল্যামার দিয়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করতে বেশকিছু কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছেন। এবার গল্পনির্ভর চরিত্রে অভিনয় করতে চান তারা।
সম্প্রতি বলিউডভিত্তিক গণমাধ্যম ‘বলিউড বাবল’-এ এক সাক্ষাৎকারে তারা বলেন, ‘অভিনয়ে আমি এখনও অনেক কিছু শিখছি। যার জন্য নিয়মিত অভিনয়ের ক্লাস করছি। কারণ বয়সে আমি এখনও তরুণ। আমার সামনে বিশাল সময় রয়েছে। আমি চাই বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত একজন দক্ষ, গুণী অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে। তাই নিজেকে আরও পরিপূর্ণ অভিনেত্রী করে গড়ে তুলতে প্রতিনিয়ত অভিনয়ে ফোকাস করছি।’ এ সময় তারা তার পছন্দের চরিত্রে অভিনয়ের কথা বলেতে গিয়ে বলেন, ‘আমি কমার্শিয়াল সিনেমা দিয়ে বলিউডে যাত্রা করেছিলাম। এ পর্যন্ত যে চারটি সিনেমায় অভিনয় করেছি সবই কমার্শিয়াল। সামনে আমার লক্ষ্য গল্পনির্ভর সিনেমায় অভিনয়। কারণ আমি মনে করি আমার এখনও চরিত্রের চ্যালেঞ্জ নেওয়া হয়নি। তাই গল্পনির্ভর সিনেমায় অভিনয় করে নিজেকে সেই চ্যালেঞ্জটি দিতে চাই।’
তারা অভিনীত সবশেষ সিনেমার নাম ‘এক ভিলেন রিটার্নস’। মোহিত সুরির পরিচালনায় ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমাটিতে তারাকে বেশ গ্ল্যামার ছড়াতে দেখা যায়। সিনেমায় তারা ছাড়া আরও অভিনয় করেন জন আব্রাহাম, দিশা পাটানি, অর্জুন কাপুর ও কারিশমা শর্মা।