প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৫:৫৭ পিএম
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৮ আগস্ট জাতীয় নাট্যশালা মিলনায়তনে
‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি : উৎসর্গÑ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’ অনুষ্ঠান
আয়োজিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা,
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ওপর নির্মিত
‘বঙ্গমাতা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীও হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির
সচিব সালাহউদ্দিন আহাম্মদ। বঙ্গমাতার ভূমিকা নিয়ে আলোচনা করেন মাহফুজা হিলালী, সহযোগী
অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নাট্যকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি
প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে
স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।’
সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘দূরদর্শী
চিন্তাসম্পন্ন, বিচক্ষণ মানুষ হিসেবে বঙ্গমাতা বাঙালির জাগরণে এক মহীয়সী নারী হয়ে সুপ্রতিষ্ঠিত।
তার প্রতি বিনম্র শ্রদ্ধা।’
পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই পরিবেশিত হয় দলীয় নৃত্য
‘বঙ্গমাতা’। এর কোরিওগ্রাফি করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। এরপর পরিবেশিত
হয় শিশুদের দলীয় সংগীত। সবশেষে পরিবেশিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ওপর
নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। এতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে
অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক’
অবলম্বনে নাসরীন মুস্তাফার চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন
গৌতম কৈরী।