প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১০:২৬ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১১:০৯ এএম
ঘোষণা অনুযায়ী ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল বলিউডের বিগ বাজেটের ‘গেম চেঞ্জার’ সিনেমাটি। এই সিনেমায় দক্ষিণের মেগাস্টার রাম চরণের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। কিয়ারার ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এটি।
নানা কারণে সিনেমার শুটিং আটকে ছিল। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। ইতোমধ্যেই কিয়ারা ছবিটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন। টানা তিন দিন শুটিং করার পর পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রথম ধাপের শুটিং অভিজ্ঞতা নিয়ে বলিউডভিত্তিক গণমাধ্যমে কিয়ারা বলেন, ‘অবশেষে সিনেমার শুটিং শুরু করলাম। নানা ঝামেলার কারণে প্রজেক্টটির শুটিং শুরু হতে বিলম্ব হয়েছে। এখন টানা শুট চলবে। আমি দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি। কাজটি করতে গিয়ে তিন দিনে যে অভিজ্ঞতা আমার হয়েছে, তাতে আমি মুগ্ধ। এর আগেও দক্ষিণের সিনেমায় কাজ করেছি। রামের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। খুব বেশি সিন আমাদের ছিল না। যেটুকুই ছিল সেটুকুতেই তার তারকাখ্যাতির কারণ আমি বুঝতে পেরেছি।
রাম অসম্ভব মেধাবী ও পরিশ্রমী একজন অভিনেতা। সহকর্মীদের সঙ্গে তার আচরণ আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, আমাদের জুটি দর্শকদের মুগ্ধ করবে।’
রামের সঙ্গে কিয়ারার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন। দ্বিতীয়বারের মতো জুটি হয়ে আসছেন তারা। কিয়ারার সঙ্গে নিজের দ্বিতীয় কাজ নিয়ে কথা বলেন অভিনেতা রাম চরণ। তিনি বলেন, ‘কিয়ারার অভিনয় আমি দেখেছি। সহকর্মী হিসেবে তিনি দুর্দান্ত। এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি। তবে এবার তিনি আরও বেশি পরিণত। আশা করছি, আমাদের কেমিস্ট্রি আগের সিনেমাকে ছাড়িয়ে যাবে।’
নির্মাতা এস শংকর ২০২১ সালে ‘গেম চেঞ্জার’ সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন। এরপর দুই বছর পার হয়ে গেলেও সিনেমাটির কাজ শুরু করতে পারছিলেন না নানা সংকটে। অবশেষে ক্যামেরা চালু করতে পেরে তিনিও আনন্দিত। বিগ বাজেটের সিনেমাটি নির্মাণে খরচ ধরা হয়েছে ১৭০ কোটি রুপি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া ও জয়ারাম।
এদিকে কিয়ারা আদভানি আলোচনায় রয়েছেন ‘ডন থ্রি’ সিনেমার জন্যও। বেশ কিছু সূত্র দাবি করছে, ডনের পরবর্তী সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে। আর সেখানে ডন হিসেবে এবার দেখা যাবে রণভীর সিংকে।