প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৭:৪৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৭:৫২ পিএম
করোনা মহামারি কাটিয়েও সিনেমা হলে যখন দর্শক ফিরছিল না, তখন ইতিবাচক ভূমিকা রেখেছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সিনেমাটি দিয়ে দর্শক ফিরেছিল প্রেক্ষাগৃহে। সেটি মুক্তির প্রায় বছরখানেক পর নতুন সিনেমার ঘোষণা দেন এ নির্মাতা। নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেবাশীষ বিশ্বাস জানান, শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।
অবশেষে বাবা প্রয়াত দিলীপ বিশ্বাসকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে সিনেমাটির শুটিং শুরু করলেন তিনি। আজ ৭ আগস্ট থেকে এফডিসিতে মহরতের মাধ্যমে চালু হলো সিনেমাটির ক্যামেরা। প্রথমদিনে শুটিংয়ে অংশ নিয়েছেন ছবির নায়ক রোশান, ফজলুর রহমান বাবু, কাবিলা, শাহীন, আমরান হোসেনসহ আরও অনেকে। তবে এদিন নায়িকা বুবলী ছিলেন না। তার পর্বের শুটিং শুরু হবে আরও কিছুদিন পর।
সিনেমাটি নিয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার বাবা দীলিপ বিশ্বাস ছিলেন আমার পথপ্রদর্শক, আমার শিক্ষক, আমার সারাজীবনের পাথেয়! আজ চলচ্চিত্র পরিচালক হিসেবে যতটুকুই করতে পেরেছি বা পারব, তার পুরোটারই পুরোধা তিনি! তার নখের সুক্ষ কোণেরও যদি একটি অংশ হতে পারি কোনোদিন, সেদিন আমার পরিচালক জীবন ধন্য হবে!
তার মতো একজন ফিল্ম ইন্সটিটিউশনের কাছ থেকে কাজ শিখতে পারাটা আমার ইহকালের পরম সৌভাগ্য! বাবার আশির্বাদ নিয়ে আজ থেকে নতুন সিনেমাটির কাজ শুরু করলাম। সঙ্গে আমার মা গায়ত্রী বিশ্বাসও ছিলেন। তিনি এই সিনেমার পোশাকের দায়িত্বে থাকবেন। এটাও আমার জন্য বাড়তি পাওনা।’
নীলাঞ্জনা প্রোডাকশন প্রযোজিত ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাটি রোমান্টিক গল্পে নির্মিত হবে। ইমন সাহার সুর ও সংগীতে এতে থাকবে কিছু রোমান্টিক গানও।