প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১০:৩২ এএম
হলিউডের জনপ্রিয় অ্যাকশন থ্রিলার সিনেমা 'দ্য এক্সপেন্ডেবলস'। এখন পর্যন্ত সিনেমটির তিন পর্ব মুক্তি পেয়েছে। এবার আসছে চতুর্থ পর্ব। প্রথমবার এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে আমেরিকান অভিনেত্রী মেগান ফক্সকে।
হলিউডের জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিটির যাত্রা শুরু হয় ২০১০ সালে। হলিউড কিংবদন্তি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন সিনেমাটি প্রথম পরিচালনা করেন। যেখানে তিনিসহ হলিউডের বাঘা বাঘা সব অ্যাকশন অভিনেতাদের একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল। এবারের পর্বেও তার ব্যতিক্রম হবে না। তবে মেগান এবারই প্রথম এই সিরিজে যুক্ত হলেন। তার চরিত্রের নাম জিনা। তিনি আমেরিকার এজেন্ট হয়ে আফ্রিকার একটি সন্ত্রাসী গোষ্ঠীদের সঙ্গে কাজ করবেন। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। সিনেমার শুটিং চলাকালীন বেশকিছু দৃশ্য ধারণ করার সময় মেগানকে হাসপাতালেও যেতে হয়।
এবারের পর্বটি পরিচালনা করবেন স্কোট ওয়াহ।
সিনেমায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে সিলভেস্টার স্ট্যালোন, জেসন স্টেথাম, ডলফ লুন্ডগ্রীন, টনি ঝাঁ, ইকো উইয়াসি, অ্যান্ডি গার্সিয়া ও আমেরিকার জনপ্রিয় র্যাপার ফিফটি সেন্টকে। সিনেমাটি সেপ্টেম্বরের ২২ তারিখ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।