বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২ ১৬:৪২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২২ ১৮:২১ পিএম
দেশের নন্দিত দুই অভিনেতা জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। প্রায় একই সময়ে দুজনের পথচলা। মঞ্চ থেকে টিভি, সিনেমা–সবখানেই অভিনয় করে বহুমাত্রিক চরিত্র দিয়ে জয় করেছেন দর্শকের মন। তারা মুন্সিয়ানা দেখিয়েছেন পরিচালক হিসেবেও।
এবার প্রথমবারের মতো দুজন কাজ করতে যাচ্ছেন একই ওয়েব সিরিজে। এর আগে তারা নাটকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। একজনের পরিচালনায় আরেকজন কাজ করেছেন। তবে ওটিটি প্ল্যাটফর্মে এই প্রথম এক হলেন তারা। গৌতম কৈরী পরিচালিত এ সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি।
আলফা আইয়ের প্রযোজনায় ওয়েব সিরিজটি নির্মাণ হবে পাঁচ পর্বে। এতে প্রধান দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ।
আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘মিস্ট্রি থ্রিলার ঘরানার গল্পে তৈরি হবে ওয়েব সিরিজটি। পাঁচ পর্বের সিরিজটি শুটিং শুরু হবে আগামী ১০ অক্টোবর। এটি বায়স্কোপে দেখা যাবে নভেম্বরে।’
তিনি আরও জানান, এই ওয়েব সিরিজে জাহিদ হাসান ও তৌকীর আহমেদের পাশাপাশি অভিনয় করবেন সানজিদা প্রীতি ও তানজিকা আমিনও।
প্রবা/এলএ/ এসআর