বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২ ১৬:৩৬ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২২ ১৬:৫৩ পিএম
বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আসর অস্কারে যাচ্ছে মালালা ইউসুফজাই প্রযোজিত পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’। এই ছবির কার্যনিবাহী প্রযোজনার দায়িত্বে আছেন তিনি। নোবেলজয়ী শিক্ষাবিদ মালালা ইউসুফজাইয়ের প্রযোজিত ছবিটি অস্কারে মনোনীত হয়েছে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে।
মালালার প্রযোজনায় নির্মিত ‘জয়ল্যান্ড’ চলতি বছরের শুরুতে দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, এই ছবি জিতে নিয়েছে ক্যুইয়ার পাম ও বিশেষ জুরি পুরস্কার।
যৌনতা নিয়ে চলতি ধারণার বিপক্ষে কথা বলে এই ছবি। এই ছবিতে দেখানো হয় এক পরিবারের পুত্রসন্তানকে মাথায় করে রাখা হয়। সেই পরিবারের ছোটছেলে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে। শুরু করে নাচ, গান, নাটক। প্রেমে পড়ে এক বৃহন্নলার। যৌনতার সামাজিক ধারণাকে ভেঙেচুড়ে দেয় এই ছবি।
মালালা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ‘পাকিস্তানি শিল্পীদের সঙ্গে বিশ্বেকে পরিচয় করিয়ে দেয় ‘জয়ল্যান্ড’। আমি ভীষণ গর্বিত এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে। পাশে থাকতে পেরে। এ ছবি আমাদের চোখ খুলে দেয়। চারপাশের মানুষ, পরিবার-পরিজনকে নতুন করে চিনতে শেখায়। আমরা নিজেদের প্রত্যাশা দিয়ে তৈরি নই। সমাজের পরিয়ে দেওয়া রঙিন চশমা দিয়ে দেখতে অভ্যস্ত হয়ে গেছি।’
এই ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানের একাধিক জনপ্রিয় অভিনেতা। ছবিতে রয়েছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সোহেল সমীর, সলমন পীরজাদা এবং সানিয়া সইদ।
প্রবা/এসএস/ এসআর