বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২ ১৬:২১ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২২ ১৬:৪৩ পিএম
ওটিটি প্ল্যাটফর্মে এলো আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও এবার অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে ছবিটি কেমন সাফল্য পায় তার অপেক্ষায় ভক্তরা।
বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রায় দুই মাস পর অনলাইনে এলো ‘লাল সিং চাড্ডা’। আমির খান, কারিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিংহ অভিনীত সিনেমাটি নিয়ে হয়েছিল বিভিন্ন আলোচনা-সমালোচনা।
গত ৬ অক্টোবর নেটফ্লিক্স ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ায় ছবির একটি পোস্টার শেয়ার করে লেখা হয়, ‘আপনাদের ফুচকা সাজিয়ে রাখুন, কারণ লাল সিং চাড্ডা এখন স্ট্রিম করছে!’
চলতি বছরের ৫ অক্টোবর, নেটফ্লিক্সে হিন্দি, তেলুগু, তামিল, এই তিন ভাষায় দেখানো শুরু হয়েছে ‘লাল সিং চাড্ডা’। প্রাথমিকভাবে দেশি এবং বিদেশি উভয় সমালোচকদের কাছ থেকে ভালো রিভিউ পেলেও, ছবিটি সারা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শক ভালো করে গ্রহণ করেনি। সাম্প্রতিক পাওয়া রিপোর্ট অনুসারে ভারতে ৫৫ কোটি রুপির কিছু বেশি ব্যবসা করেছেন আমির খানের ‘লাল সিং চাড্ডা’। যেখানে ছবির বাজেট ১৮০ কোটি রুপি।
‘লাল সিং চাড্ডা’ আসলে টম হ্যাঙ্কসের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। আসল ছবি দুর্দান্ত সফল হলেও এই ভারতীয় সংস্করণকে বিশেষ ভালো করে গ্রহণ করেনি ভারতীয় দর্শকই। এবার ওটিটিতে কেমন দর্শক পায় এই ছবি সেটাই দেখার বিষয়।
প্রবা/এসএস/ এসআর