বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২ ১৬:০৭ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২২ ১৬:২৭ পিএম
করোনা ও মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বস্তি ফিরেছে ঢাকাই সিনেমায়! ‘পরাণ’ ‘হাওয়া’র সাফল্যের পর নিয়মিত মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সিনেমাপাড়ায় সবার মুখেও ফুটেছে হাসি। আর তাই সবাই চাইছেন, সিনেমা মুক্তি ও দর্শককে হলে ফেরার এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
সেই ধারাবাহিকতায় চলতি মাসজুড়ে মুক্তির মিছিলে আছে হাফ ডজন বাংলা ছবি। এসবের মধ্যে প্রথম সপ্তাহ ৭ অক্টোবর মুক্তি পেয়েছে ‘যাও পাখি বলো তারে’ ও ‘হৃদিতা’। আগামীতে মুক্তির অপেক্ষায় আছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘দামাল’, মিজানুর রহমান পরিচালিত ‘রাগী’, ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ও রফিক শিকদারের সিনেমা 'বসন্ত বিকেল'।
মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৪ অক্টোবর মুক্তি পাচ্ছে মিজানুর রহমান পরিচালিত ‘রাগী’। এ ছবি দিয়ে ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত অভিনেত্রী মুনমুন বহু বছর পর সিনেমায় ফিরছেন ‘ভয়ঙ্কর গ্যাং লিডার’ হয়ে। এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবির চৌধুরী, আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়ন। প্রযোজনা করছেন জাকিরা খাতুন জয়া।
প্রায় এক বছর আগে আনকাট সেন্সর পায় ‘রোহিঙ্গা’। সে সময়ে মুক্তির ব্যাপারে কিছু জানায়নি কর্তৃপক্ষ। ২০১৭ সালে শুটিং শুরু হয় এ সিনেমার এবং পরিকল্পনা ছিল ২০২০ সালেই মুক্তি দেওয়া হবে এটি। কিন্তু করোনা সংক্রমণের কারণে দেড় বছর সিনেমা হল বন্ধ ছিল। ফলে পিছিয়ে যায় সিনেমার সেন্সর।
অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিটি। এটি আগামী ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘রোহিঙ্গা’ ছবিটি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার বিষয়টি নিয়ে নির্মিত হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আরশি, ওমর আয়াজ অনি, সুচি, সাগর, বৃষ্টি, তানজিদ, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানিসহ অনেকে।
রফিক শিকদারের সিনেমা 'বসন্ত বিকেল' মুক্তি পাবে ২১ অক্টোবর৷ এ ছবিতে অভিনয় করেছেন সুবাহ, শিপন মিত্র, সুচরিতা, অমিতাভ রেজা, ওমরা সানিসহ আরও অনেকে৷
অক্টোবরে শেষ হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল ছবি ‘দামাল’ মুক্তির মাধ্যমে। যেখানে অভিনয় করেছেন ‘পরাণ’র হিট জুটি শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এ ছাড়া অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপুসহ অনেকে।
ট্রেলার ও গান প্রকাশের মাধ্যমে ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছে ‘দামাল’।
ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘দামাল’ নিয়ে দর্শকের আরও একটি আগ্রহের কারণ, সিনেমাটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ফুটবল নিয়ে! ‘দামাল’ মুক্তি পাবে ২৮ অক্টোবর।
প্রবা/টিএম/এলএ/এমজে/