প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১২:২৭ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১২:৫০ পিএম
বাংলাদেশের সিনেমার নন্দিত অভিনেত্রী, নির্দেশক অরুণা বিশ্বাসের নিজের বাড়ির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে উঠবেন তিনি আগস্টেই। তবে নিজে সেখানে ওঠার আগে তার মা জ্যোৎস্না বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন।
কদিন আগেই অরুণা তার বর্তমান
আবাসস্থল রাজধানীর ধানমন্ডি থেকে উত্তরায় যান। সেখানে তারই খুব কাছের মানুষ, যাকে তিনি
বড়বোনের মতো দেখেন সেই প্রিয়জন অভিনেত্রী, উপস্থাপক এবং নাট্যনির্মাতা চন্দা মাহজাবীনকেও
সঙ্গে নিয়ে যান। সবকিছু আগে থেকেই প্রস্তুত করে সন্ধ্যা নামার আগেই নিজ বাড়ির লিফটে
মাকে সঙ্গে নিয়ে নিজঘরে প্রবেশ করেন অরুণা বিশ্বাস। মেয়ের নিজের কষ্টে গড়া নিজের বাড়িতে
মায়ের প্রথম পা। মা জ্যোৎস্না বিশ্বাস আবেগে আপ্লুত। মেয়ের ঘরে তাকে বরণের আয়োজন জীবনের
সেরা অনুভূতি বলে মনে করেন অরুণা। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঘরে প্রবেশ করে অরুণার কপালে
চুমু খান, বুকে জড়িয়ে নেন মা। জ্যোৎস্না বিশ্বাস বলেন, ‘কী যে ভালো লাগছে, কতটা যে
গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারব না। আমার মেয়ে দিনরাত কষ্ট করে এ বাড়িটি
করেছে। এটি তার দীর্ঘ পরিশ্রমের ফসল। আজ ওর বাবা বেঁচে থাকলে কী যে খুশি হতো বোঝাতে
পারব না। খুব আনন্দের মাঝেও এক গভীর শূন্যতা ভিড় করেছে আমার মাঝে। আমার মেয়েটা খুব
সহজসরল, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। আমি দোয়া করি অরুণা যেন আগামী দিনে আরও সফল হতে
পারে।’
চন্দা মাহজাবীন
বলেন, ‘মা ও মেয়ের এমন আবেগাপ্লুত সময়ে উপস্থিত থাকতে পেরে সময়টার সাক্ষী হয়ে রইলাম।
এটাই আমার অনেক আনন্দের।’
এদিকে আজ অরুণা
বিশ্বাসের জন্মদিন। দিনটি মাকে নিয়েই উদযাপন করবেন। মাকে তার নিজঘরে বরণ করে নেওয়া
প্রসঙ্গে বলেন, ‘আমার অনেক অনেক কষ্টে গড়া স্বপ্নের বাড়িতে মাকে আনুষ্ঠানিকতার মধ্য
দিয়ে বরণ করে নিতে পেরেছি, মা যে খুশি হয়েছেন। তার আনন্দ দেখে আমার চোখে জল এসেছে।
বাবাকে খুব মিস করেছি। আমি ধন্য এমন বাবা-মায়ের সন্তান হিসেবে পৃথিবীতে এসেছি, যারা
আমাকে যোগ্য করে গড়ে তুলেছেন। আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন।’
অভিনয়ে আগের মতো
নিয়মিত নন অরুণা বিশ্বাস। নাম লিখিয়েছেন পরিচালনায়। তার পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’
মুক্তির অপেক্ষায়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি এরই মধ্যে প্রশংসা কুড়িয়ে সেন্সর
ছাড়পত্র লাভ করেছে। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানান অরুণা বিশ্বাস।
এসবের পাশাপাশি এই অভিনেত্রী সেন্সর বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।