প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৬:৫৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৮:৪৬ পিএম
সোমবার (৩১ জুলাই) প্রকাশ্যে এসেছে ‘জওয়ান’ ছবির প্রথম গান। এর শিরোনাম ‘জিন্দা বান্দা’। গান প্রকাশের আগে টুইট করে নিজস্ব স্টাইলে অনুরাগীদের আগাম বার্তা দিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
কোনো নতুন চমক নয়, শাহরুখ খানকে দর্শক যেভাবে দেখতে স্বচ্ছন্দ, সেভাবেই হাজির হলেন তিনি। ‘পাঠান’ এখন অতীত। পুরোনো লুকে নতুনভাবে দর্শকের মন জয় করতে উদ্যোগী শাহরুখ।
গানে দেখা গেল, জেলের সেট, চোখে কালো চশমা, পরনে লাল শার্ট ও কালো ট্রাউজারে নাচছেন বাদশা। গানের ছন্দ থেকে শুরু করে নাচে রয়েছে পরিচিত দক্ষিণী সিনেমার ছোঁয়া। হবেই-বা না কেন? দক্ষিণের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ ছবির গানগুলো তৈরি করেছেন। গানটি তারই গাওয়া। পরিচালক অ্যাটলিও দক্ষিণী ইন্ডাস্ট্রিরই অংশ।
এই গান দেখলে শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ বা ‘চেন্নাই এক্সপ্রেস’-ছবির কথা মনে পড়তে পারে। কারণ সাধারণ দর্শকের কথা ভেবেই গানটি যে তৈরি, তা স্পষ্ট। চেন্নাইতে প্রায় পাঁচ দিন ধরে এই গানে শুটিং সেরেছিল ইউনিট। সেটে ছিলেন প্রায় ১০০ নৃত্যশিল্পী।
সূত্রের দাবি, ছবির প্রথম গানের জন্য শাহরুখ বা অ্যাটলি দুজনেই দর্শকদের চমকে দিতে চেয়েছিলেন। গানের বাজেটও নেহাত কম ছিল না। গানটির শুটিংয়ে খরচ হয়েছিল প্রায় ১৫ কোটি রুপি।
গত ১০ জুলাই মুক্তি পেয়েছে ‘জওয়ান’ ছবির প্রিভিউ। তারপর থেকেই এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ২ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের প্রিভিউয়ে একাধিক রূপে ধরা দিয়েছেন শাহরুখ। সেখানে যেমন ‘বাহুবলী’-এর আদলে তার আগমন আছে, তেমনি ‘জোকার’-এর আদলে মুখোশের পেছনে সেই বাঁকা হাসিও আছে। আবার ‘মুন নাইট’-এর মতো গোটা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বর্শা হাতে ঘুরে দাঁড়ানোও আছে প্রিভিউয়ে। ছবির প্রচার ঝলকেই শাহরুখকে দেখে মুগ্ধ অনুরাগীরা। পাশাপাশি নজর কেড়েছেন নয়নতারা ও দীপিকাও। এক ঝলক দেখা গিয়েছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ও বলিউড অভিনেত্রী সান্য মলহোত্রাকে। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত এই ছবি।