প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৩:০৫ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৩:১৪ পিএম
জনপ্রিয় অভিনেতা নিরব হোসেন। মডেল হিসেবে পথচলা শুরু করেছিলেন। কাজ
করেছেন নাটকেও। পাশাপাশি সিনেমাতেও অভিনয় করে চিত্রনায়ক হিসেবে দর্শকের মনে দাগ কেটেছেন
তিনি। তবে গেল কয়েক বছর ধরেই তিনি সিনেমা নিয়েই ব্যস্ত। এখানেই নিয়মিত হয়েছেন। কাজ
করে যাচ্ছেন একের পর এক ছবিতে, বৈচিত্র্যময় চরিত্রে।
বলা চলে সময়ের সেরা ব্যস্ত নায়কদের অন্যতম নিরব। চলতি বছরেই মুক্তি
পেয়েছে তার কিছু ছবি। যার মধ্যে নায়িকা রোজিনা পরিচালিত ‘হঠাৎ দেখা’ ছবিতে নায়িকা ছিলেন
অর্চিতা স্পর্শিয়া। গেল কোরবানির ঈদে নিরব অভিনীত ‘ক্যাসিনো’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
এতে তার সঙ্গে রোমান্স করেছেন শবনম বুবলী। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি বেশ আলোচনায়
আছে।
এবার নিরব হাজির হচ্ছেন অপু বিশ্বাসের সঙ্গে। বন্ধন বিশ্বাস পরিচালিত
‘ছায়াবৃক্ষ’ সিনেমাতে জুটি হয়েছেন নিরব ও অপু। এ সিনেমাটি অনেকদিন ধরেই মুক্তির মিছিলে
রয়েছে। এবার জানা গেল, অক্টোবরে প্রেক্ষাগৃহে আসবে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’। এরই
মধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে বন্ধন বিশ্বাস বলেন, ‘অক্টোবরে যেকোনো
শুক্রবারে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আমি ‘লাল শাড়ি’ সিনেমা
নিয়ে কলকাতায় আছি। এখানে একটি উৎসবে দেখানও হবে সিনেমাটি। কাজ মিটিয়ে ঢাকায় গিয়ে সিনেমাটির
তারিখ ঘোষণা করব। আমরা এরই মধ্যে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া
শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ
মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে
সক্ষম হব বলে মনে করি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প শিগগিরই দেখবেন
বড় পর্দায়।’
নিরব বলেন, ‘আমিও পরিচালকের কাছ থেকে জেনেছি সিনেমাটি মুক্তি পাবে।
এ ছবির গল্পটি দারুণ। আমার চরিত্রটিও অসাধারণ। একদম ভিন্ন আমেজের একটা কাজ হয়েছে। অনেকদিন
ধরেই সিনেমাটির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, যারা ছবিটি দেখবেন তারা বারবার দেখতে চাইবেন।’
এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ,
মাহমুদুল ইসলাম মিঠু।