প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৫:০২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৫:২৩ পিএম
দীপ্ত টিভিতে শুরু হচ্ছে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘সূর্যকন্যা’।
এটি প্রচারিত হবে আগামী ১ আগস্ট মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল ৫টা ৫০ মিনিট ও রাত ৯টায়।
গুনেশ আর তার তিন মেয়ের গল্পকে ঘিরে নির্মিত তুরস্কের আলোচিত সিরিয়াল ‘গুনেশিন কিজলারি’।
গুনেশের শাব্দিক অর্থ সূর্য আর সেখান থেকেই এই সিরিয়ালের নামকরণ করা হয় ‘সূর্যকন্যা’।
গল্পে দেখা যায় ৩৫ বছর বয়সি সুন্দরী, দৃঢ়চেতা, স্কুল শিক্ষিকা গুনেশ
তার তিন মেয়েকে নিয়ে ইজমিরে থাকে। কোনো এক অজানা কারণে তার স্বামী তাকে ছেড়ে গেলেও
১৭ বছর বয়সি দুই যমজ মেয়ে নাজলি সেলিন আর সবার ছোট পেরিকে নিয়েই তার সাজানো সুখের সংসার।
সুখের সংসারে তখনই চিড় ধরে যখন তাদের জীবনে ইস্তাম্বুলের প্রভাবশালী ব্যবসায়ী হালুক
মের্তওলুর আবির্ভাব ঘটে। হালুকের সঙ্গে গুনেশের অল্পদিনের পরিচয়, পরিণয় থেকে বিয়েতে
রূপ নেয়। গুনেশ তার তিন মেয়েকে নিয়ে চলে আসে ইস্তাম্বুলে, মের্তওলু পরিবারের অনাকাঙ্ক্ষিত
অতিথি হয়ে। হালুকের বড় বোন রানা আর আগের ঘরের ছেলে আলি, শুরুতেই তাদের আচরণে বুঝিয়ে
দেয় তাদের মাঝের এই দূরত্ব ঘুচবার নয়। অন্যদিকে রানার পালক ছেলে সাভাশ সবার কাছ থেকে
দূরে থাকে স্বেছায়।
একদিকে নাজলি আর সাভাশের খুনসুটি, অন্যদিকে আলি আর সেলিনের ঘৃণা থেকে
ভালোবাসায় রূপ নেওয়া গল্প এগোতে থাকে নানান চমক নিয়ে। সেই সঙ্গে ধীরে ধীরে বেরিয়ে আসে
হালুকের অতীত কালো অধ্যায় যার সঙ্গে জড়িয়ে আছে গুনেশের দুঃসহ অতীত। এভাবেই রহস্যে ঘেরা
এই গল্প ধীরে ধীরে দর্শকদের টেনে নেয় শেষ পর্যন্ত। যার প্রতি পদে একটা প্রশ্নই সবার
মনে উঁকি দেয়Ñ গুনেশ কি আদৌ সুখী হবে না কি হালুকের অন্ধ ভালোবাসাই তার কাল হয়ে দাঁড়াবে?
দেখতে হলে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়। এ নাটকের বিভিন্ন চরিত্র ও কণ্ঠাভিনেতারা
হলেন গুনেশ (রুবাইয়া মতিন গীতি), হালুক (রাজু আহমেদ), নাজলি (তানিয়া পাটোয়ারী), সেলিন
(নাহিদ আখতার ইমু), রানা (জয়শ্রী মজুমদার লতা), পেরি (নাদিয়া ইকবাল), সাভাশ (মরু ভাস্কর),
আলি (শোভন দাস), সেভিলায় (মেরিনা মিতু), ইন্জি (শারমিন মৃত্তিকা), এমরে (শাহরিয়ার রানা),
তুইচে (ফারিয়া আকতার সোমা), মেলিসা (সাদিয়া খান মৌরি), আহমেদ (রহমত উল্লাহ), জেন (খায়রুল
আলম হিমু), যাফের (সজিব রায়) ও অন্যান্য। ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায়
কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।
‘সূর্যকন্যা’ ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা মিতু এবং
প্রযোজনা করেছেন রোমানা হোসেন। ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘সূর্যকন্যা’ দীপ্ত টিভির
ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেসবুকে যেকোনো সময় দেখতে পাবে ।