প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৮:৪৩ পিএম
ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত অর্থহীন ব্যান্ড তারকা সুমন। তিনি ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এবার ঘোষণা দিলেন ‘ফিনিক্সের ডায়েরি ২’ নামে অ্যালবাম প্রকাশের। মঙ্গলবার রাতে এক ফেসবুক লাইভে ব্যান্ডটির দলনেতা সুমন জানান, আগস্টের মাঝামাঝির দিকে অ্যালবামের গান রেকর্ডিং শুরু হবে।
সবকিছু ঠিক থাকলে নভেম্বরে প্রকাশ হবে দুটি গান। বেশিরভাগ গান প্রকাশ করা হবে ডিসেম্বরে।
গত বছরের ডিসেম্বরে ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি। অ্যালবামটি শ্রোতামহলে আলোচিত হয়েছে। সুমন জানান, অ্যালবামের শেষ গানটি এ বছরই প্রকাশের চেষ্টা করবেন তারা। সেটা সম্ভবপর না হলে তা আগামী বছর প্রকাশ করবেন।
অ্যালবামের পাশাপাশি কনসার্টেও পাওয়া যাবে অর্থহীনকে। ২৮ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘দ্য আলটিমেট রক ফেস্ট-২০২৩’-এ গাইবে ব্যান্ডটি।
একই মিলনায়তনে ‘রকভিউ’ কনসার্টে গত ১৫ জানুয়ারি শেষবারের মতো শ্রোতাদের সামনে এসেছিল তারা। সেই কনসার্টের পর মার্চে অর্থহীন ছেড়েছেন গিটারিস্ট শিশির আহমেদ। শিশিরকে ছাড়াই এবার মঞ্চে উঠবে অর্থহীন।
অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন মার্ক ডন (ড্রামস) ও মহান ফাহিম (গিটার)। কনসার্টে নতুন একজন গিটারিস্ট ও কিবোর্ডিস্টকে নিয়ে মঞ্চে উঠবে অর্থহীন।