× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারিনের অপেক্ষা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১২:৫১ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৩:০১ পিএম

তারিনের অপেক্ষা

সিনেমার রুপালি পর্দায় তারিনকে দেখার জন্য তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সরকারি অনুদানে হৃদি হকের পরিচালনায় নির্মিত ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। এটি মুক্তি পাবে ১৮ আগস্ট।

এ সিনেমায় তারিনের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, লিটু আনাম, সজল, হৃদি হকসহ অনেকে। এরই মধ্যে এ সিনেমার একটি গানও শ্রোতা-দর্শকের কাছে বেশ সমাদৃত হয়েছে। সিনেমাটির মুক্তির অপেক্ষায় তারিন নিজেও। এদিকে আজ তারিনের জন্মদিন। জন্মদিন উপলক্ষে যথারীতি দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। বেশ কয়েক বছর যাবৎ তিনি টানা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছেন।

পাশাপাশি আজ সকালে মাছরাঙা টিভির নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এও জন্মদিন উপলক্ষে উপস্থিত থাকবেন তারিন। তবে এ অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে মঙ্গলবার সকালে মাছরাঙা টিভিতে। তারিন জানান, অন্যান্য দিনের মতো সাধারণভাবেই কাটবে এবারের জন্মদিন। তারিন বলেন, ‘জন্মদিন এলেই যে শুধু আব্বুর কথা মনে পড়ে এমনটি নয়। আব্বুর কথা সব সময়ই মনে পড়ে। তবে হ্যাঁ, জন্মদিন এলে আব্বুর কথা বেশি মনে পড়ে। আব্বু থাকলে হয়তো জন্মদিনের শুরুটা অন্যরকম হতো, জন্মদিনের আনন্দটাও অন্যরকম হতো। তার পরও আম্মুকে সঙ্গে নিয়েই আমার জন্মদিন শুরু হয়। তবে এবারের জন্মদিন নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস নেই মনে। সবকিছু কেমন যেন লাগছে।

আমার জন্য সবাই দোয়া করবেন যেন সব সময় ভালো থাকি, সুস্থ থাকি। সুস্থতাই আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত।’

তারিন জাহান সর্বশেষ গ্লোবাল টিভিতে প্রচারিত ‘নির্দোষ’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

শৈশব থেকেই গান, অভিনয় ও নাচের শিক্ষা নিয়েছেন তারিন জাহান। তিনি ওস্তাদ হাসান ইকরাম উল্লাহর কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। ছোটবেলায় গানের মিউজিক শুনলেই তিনি নাচতেন। আগ্রহ দেখে মা তাহমিনা বেগম সাড়ে তিন বছরের তারিনকে ভর্তি করিয়ে দেন নাচের স্কুলে। ১৯৮২ সালে তিনি নাচ শেখা শুরু করেন। ১৯৮৪ সালে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এবং সে সময় নামকরা কয়েকটি পত্রিকায় সেই অনুষ্ঠানের ছবিও প্রকাশিত হয়। ধীরে ধীরে কুমিল্লায় তিনি পরিচিতি পান। সরকারি বিভিন্ন অনুষ্ঠান হলেই ডাক পড়ত শিশু শিল্পী তারিনের। ছোট থেকেই তিনি বেড়ে উঠেছেন একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে। যেহেতু মা তাহমিনা বেগম বকুল ছিলেন একজন সংস্কৃতিমনা সুরপিয়াসী। পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়িতে অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযোগিতায় প্রথম হয়ে শোবিজে পা রাখেন তারিন জাহান। তখনই তিনি শিশু শিল্পী হিসেবে ছোটপর্দায় কাজ শুরু করেন। তারিন সকালসন্ধ্যা ধারাবাহিক নাটকের প্রধান ভূমিকায় প্রথম শিশু চরিত্রে অভিনয় করেন। এরপর ১৯৮৮ সালে শহীদুল্লা কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’-এ শিশু চরিত্রে অভিনয় করেন। তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকীর আহমেদের সঙ্গে কাঁঠাল বুড়ি নাটকে, যেটি ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক। তার উল্লেখযোগ্য নাটক, এইসব দিনরাত্রি, সংশপ্তক, ফুলবাগানের সাপ, কথা ছিল অন্যরকম, ইউ টার্ন, মায়া, হারানো আকাশ, রাজকন্যা, সবুজ ভেটে, অগ্নিবলাকা ইত্যাদি। তিনি অভিনয় করেছেন বেশ কিছু টেলিফিল্মে। তারিন ‘পিরিত রতন পিরিত যতন’ এবং ‘কাজলের দিনরাত্রি’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭১ সেইসব দিন হতে যাচ্ছে তার তৃতীয় চলচ্চিত্র।

তারিন দুটি ভারতীয় বাংলা চলচ্চিত্রে প্রিয়াংকা ত্রিবেদী ও প্রিয়াংকা ব্যানার্জির হয়ে কণ্ঠ দিয়েছিলেন। তিনি একটি বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী শাবনূরের জন্যও কণ্ঠ দিয়েছেন। তারিন এবং তার দুই বোন শামিমা নাহরিন জাহান তুহিন ও নাহিন কাজী ‘তানা’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানেরও মালিক ছিলেন। তিনি এককভাবে পরিচালনা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘এ নিউ ট্রি এন্টারটেইনমেন্ট’।

গায়িকা হিসেবেও তারিন সমাদৃত। ২০১১ সালের ঈদুল আজহায় ‘আকাশ দেব কাকে’ শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন তিনি। সেখানে ১০টি গান ছিল, যার মধ্যে চারটি দ্বৈত। এ দ্বৈত গানগুলো তিনি কলকাতার রাঘব চ্যাটার্জি ও রূপঙ্কর বাগচী এবং বাংলাদেশের ইবরার টিপু ও তপন চৌধুরীর সঙ্গে গেয়েছিলেন। তিনি ‘স্বপ্নগুলো জোনাক পোকার মতো’ নাটকের শিরোনাম সংগীতেও কণ্ঠ দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা