বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২ ১২:৫৪ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২২ ১৪:১০ পিএম
মডেলিং ও অভিনয় জগতের অন্যতম প্রিয়মুখ মোনালিসা। যদিও শোবিজে এখন আর নিয়মিত নন তিনি। বাস করেন সাত সাগর আর তেরো নদীর ওপারে, আমেরিকায়। তবে তার হাসি এখনও দর্শকের বুকের ভেতরে ঝড় তোলে। আমেরিকায় থাকলেও দেশের টান ভুলে যাননি।
তাই মাঝেমধ্যে দর্শক-ভক্তদের ভাবনা মাথায় রেখে দেশে আসেন। বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে দেখা যায় তাকে। তবে দীর্ঘদিন দেশে ফেরা হচ্ছে না তার। ইচ্ছা থাকলেও ব্যস্ততার জন্য মাতৃভূমির মাটির ছোঁয়া পান না এই অভিনেত্রী।
আজ এ তারকার জন্মদিন। আমেরিকায় অন্যান্য দিনের মতোই কাটবে এবারের জন্মদিনটিও। তবে অন্য কেউ যে তাকে সারপ্রাইজড করবেন না সে বিষয়েও নিশ্চিত কিছু বলতে পারছেন না তিনি। মোনালিসা মোবাইল ফোনে বলেন, ‘দেশে থাকলে আসলে জন্মদিনের আনন্দটা বেশি উপভোগ করা যায়। খুব কাছের কিছু মানুষের সঙ্গে সুন্দর সময় কাটে। এখানে তো সবাই যার যার কাজে ব্যস্ত। তারপরও কাছের যারা আছেন তারা দিনটি উপভোগ্য করে তোলার চেষ্টা করেন, আমাকে আশীর্বাদ করেন, দোয়া করেন, এটা ভালোলাগার।’
তবে দিনটিতে দেশ, দেশের মানুষ, আত্মীয়স্বজন সর্বোপরি পরিবারকে ভীষণ মিস করেন মোনালিসা। ‘জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। অবশ্যই দেশে আসার ইচ্ছা আছে, সময়-সুযোগ পেলেই দেশে আসব ইনশাআল্লাহ’, যোগ করেন মোনালিসা।
প্রবা/টিএম/এলএ/এমজে/