প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ১৩:৫৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ১৫:০৭ পিএম
সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। আর সব শিল্পীর মতো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছেন তিনিও। ইউটিউবে চালু করেছেন নিজের নামে চ্যানেল। যেখানে তার নিজেরই গাওয়া অনেক গান প্রকাশিত আছে। আবার ডলি সায়ন্তনী নিজের চ্যানেলের জন্যও নতুন নতুন গান করছেন বেশ আগ্রহ নিয়ে।
সেই ধারাবাহিকতাতেই এবার তার চ্যানেল ‘ডলি সায়ন্তনী’তে প্রকাশ পেল লালনগীতি ‘ভবে কেউ কারও নয়’। গানটি লিখেছেন, সুর করেছেন ফকির লালন শাহ। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ডলি সায়ন্তনীর অফিসিয়াল টিমই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। এদিকে দুই সপ্তাহ আগে তারই চ্যানেলে প্রকাশিত হয়েছে মৌলিক গান ‘একতরফা বাইসা ভালো’ গানটি।
গানটি লিখেছেন ও সুর করেছেন রোহান রাজ। সংগীতায়োজনও করেছেন রোহান রাজ। একই সময়ে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর কণ্ঠে নতুন মৌলিক গান ‘মন পবনের নাও’। গানটি লিখেছেন লালন লোহানী। সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। নিজের নতুন তিনটি গান প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘নতুন তিনটি গানের মধ্যে একটি লালনগীতি, বাকি দুটি মৌলিক।
দুটি গান আমার নিজের চ্যানেলে প্রকাশিত হয়েছে। এখন আমি আমার নিজের ইউটিউব চ্যানেলের দিকেও মনোযোগ দিচ্ছি। যে কারণে গানগুলো গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওর দিকেও মনোযোগ বাড়িয়েছি। এরই মধ্যে নতুন তিনটি গান প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। একেকটা গান একেকরকমের তো। তাই বলা যায় সব ধরনের শ্রোতাই যারা আমার নতুন গানের অপেক্ষায় ছিলেন, তারা উপভোগ করছেন গানগুলো।’