প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ১৩:৫৬ পিএম
বিশ্ব চলচ্চিত্রে
এমন কিছু চলচ্চিত্রকার রয়েছেন, যারা নিজ চলচ্চিত্র স্রষ্টাবৃত্তির স্বকীয় বৈশিষ্ট্যে
অনন্য। এই চলচ্চিত্রকাররা কেবল যে দর্শকদের জন্য প্রাতঃস্মরণীয় তা নয়, তাদের নিজস্ব
সৃষ্টির অনুপম কীর্তির মাইলফলকগুলো নবাগত, আগত এবং অনাগত সব চলচ্চিত্রকর্মী ও নির্মাতার
নিত্যপাঠ্য। তাই তাদের সম্মানসূচক ‘মাস্টার’ চলচ্চিত্রকার বলা হয়।
বাংলা ভাষার চলচ্চিত্রে
এমনই তিন কীর্তিমান চলচ্চিত্রকার আমাদের নিত্যপাঠ্য হয়ে আছেন। তারা কেবল যে বাংলার
তা নন, তারা সমগ্র বিশ্বের চলচ্চিত্র অনুরাগীদের পাঠ ও পর্যালোচনায় প্রাত্যহিক আলোচিত।
তারা হলেন সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেন। এ তিনজনের চলচ্চিত্র ও তাদের
চলচ্চিত্রচিন্তা পাঠের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। আয়োজনে সহযোগিতা করছে
বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন
অন মাস্টার্স’ পরিচালনা করবেন চলচ্চিত্রকার ও শিক্ষক সৈয়দ সালাহউদ্দিন জাকী, শিল্পসমালোচক
ও শিক্ষক মইনুদ্দীন খালেদ এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
বাংলাদেশ শিল্পকলা
একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে তিন দিনব্যাপী ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স-সত্যজিৎ
রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন’ অনুষ্ঠিত হবে ২০-২২ জুলাই। সেশন চলবে সকাল ১০টা থেকে
সন্ধ্যা ৭টা পর্যন্ত। কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য
আপনার নাম, বয়স ও পেশা লিখে এসএমএস করুন ০১৯৭১১০১১০৬ নম্বরে।