বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ২০:২৫ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ২০:৩৩ পিএম
চিত্রনায়ক আরিফিন শুভ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী জুটি হয়ে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে দর্শক মাতিয়েছেন। ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিমের’ প্রথম পর্ব। এবার মুক্তি পেতে যাচ্ছে তাদের অভিনীত বহুল প্রতীক্ষিত মিশন এক্সট্রিমের দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’।
আগামী ২০২৩ সালের প্রথম শুক্রবার ৬ জানুয়ারি সিনেমাটি দেশে-বিদেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে। সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ছবিটির পরিচালক সানী সানোয়ার ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির ঘোষণা দেন।
সোমবার সন্ধ্যায় সানী সানোয়ার মোশন পোস্টার নিজের ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘‘৬ জানুয়ারি ২০২৩, ‘ব্ল্যাক ওয়ার : মিশন এক্সট্রিম ২’ শুভমুক্তি।”
এর আগে ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে চলতি বছরের অক্টোবরে মুক্তির তারিখ জানানো হয়েছিল।
কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিমের’ দুটি পর্বই ফয়সাল আহমেদের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার।
ব্ল্যাক ওয়ার-এ ‘মিশন এক্সট্রিমের’ গল্পের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন পরিচালকদ্বয়।
মাইম মাল্টিমিডিয়া সহপ্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ব্ল্যাক ওয়ারে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।
প্রবা/এলএ/এমআই