প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৩:১০ পিএম
আর্জেন্টিনার বুয়েনস আইরেস শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউবিএ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ২৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। সেখানে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘আম-কাঁঠালের ছুটি’। এই বিভাগের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়ে আট শতাধিক চলচ্চিত্র। সেখান থেকে বাছাই করা হয়েছে ১২টি চলচ্চিত্র। তার একটি আম-কাঁঠালের ছুটি।
শরীফ উদ্দিন সবুজের ছোটগল্প অবলম্বনে শিশুতোষ ঘরানার আম-কাঁঠালের ছুটি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। গত শতাব্দীর সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে যারা শৈশব-কৈশোর পার করেছেন, তারা তাদের সেই বয়সের যাপিত জীবনকে নস্টালজিক আবহে তৈরি করা এই চলচ্চিত্রে দেখতে পাবেন বলে মনে করেন নির্মাতা। সেই সঙ্গে হারিয়ে যাওয়া কিংবা হারাতে বসা প্রাকৃতিক পরিবেশ আর আমাদের নিজস্ব লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে নতুন প্রজন্মের শিশু-কিশোররা। চলচ্চিত্রটির আন্তর্জাতিক সংস্করণের নামকরণ করা হয়েছে ‘সামার হলিডে’।
উৎসবে সালা মানুয়েল আন্তিন মিলনায়তনে ২৬ জুলাই বুয়েনস আইরেস সময় সন্ধ্যা ৬টায় এবং ২৮ জুলাই দুপুর ১টা ৩০ মিনিটে আম-কাঁঠালের ছুটি চলচ্চিত্রের দুটি প্রদর্শনী থাকছে। প্রতিটি শোতেই থাকবে দর্শকের সঙ্গে নির্মাতার প্রশ্নোত্তর সেশন।
কারও সঙ্গে মিশতে না পারা আট বছর বয়সি একটি শহুরে ছেলে গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, তারই আখ্যান এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। দেশের দর্শকদের জন্য আগামী ১৮ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘আম-কাঁঠালের ছুটি’।
সিনেমাকার প্রযোজিত এই চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন নির্মাতা নিজেই, সঙ্গে ছিলেন ম্যাক সাব্বির। প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইনও করেছেন মোহাম্মদ নূরুজ্জামান। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা ও তানজিল। আরও ছিলেন ফাতেমা, কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ প্রমুখ। চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক যুবরাজ শামীম।
সম্প্রতি স্পেনের বার্সেলোনা ইন্ডি ফিল্মমেকার্স ফেস্ট ২০২৩ থেকেও অফিসিয়াল সিলেকশন পেয়েছে ‘আম-কাঁঠালের ছুটি’। গত ২৬ মে থেকে ১ জুন ২০২৩ পর্যন্ত রাশিয়ার চেবাক্সারিতে অনুষ্ঠিত চেবাক্সারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করে চলচ্চিত্রটি। গত বছর ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আম-কাঁঠালের ছুটি সিনেমার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এশিয়ান পার্স্পেক্টিভ বিভাগে ছবিটির আরও একটি প্রদর্শনী হয়। উৎসব কমিটি এবং উপস্থিত দর্শকও ছবিটির প্রশংসা করে।