বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৫:৩৪ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৫:৪৪ পিএম
দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় নাটক ‘পুনর্জন্ম’। প্রথম দুটি পর্ব প্রচারের পর ব্যাপক সাফল্য পেয়েছে নাটকটি। সেই ধারাবাহিকতায় ১ অক্টোবর চ্যানেল আইতে মুক্তি পেয়েছে ‘পুনর্জন্ম ৩’। নাটকটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। তিনি বলেন, ‘আমার বেশির ভাগ কাজ ক্রিটিকসরা বেশি পছন্দ করে। কিন্তু পুনর্জন্ম শুধু সমালোচক নয়, সব শ্রেণির দর্শক পছন্দ করেছেন। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকেও প্রচুর সাড়া পেয়েছি।’
প্রথম ও দ্বিতীয় কিস্তির পর তীর্থের কাকের মতো দর্শক অপেক্ষায় ছিলেন আলোচিত নাটক পুনর্জন্মের তৃতীয় কিস্তির জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটি দেখার জন্য ব্যাকুল হয়ে পোস্ট দিচ্ছিলেন দর্শকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী দর্শকদের সেই অপেক্ষায় অবসান হলো, রবিবার সন্ধ্যা ৭টায় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে অবশেষে উন্মুক্ত হলো আরফান নিশো ও মেহজাবীন অভিনীত এ নাটকটি।
‘পুনর্জন্ম’ ও ‘পুনর্জন্ম ২’ নির্মাণ করেছিল চ্যানেল আই কর্তৃপক্ষ। প্রচারের পর নাটক দুটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ‘পুনর্জন্ম’ নামটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পায়। ভিকি জাহেদের পরিচালনায় দুটি কিস্তিই দর্শক ব্যাপকভাবে পছন্দ করে। তাই দর্শক চাহিদার কারণে চ্যানেল আইয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘পুনর্জন্ম ৩’ প্রচার হয়।
তবে নেটিজেনরা অপেক্ষায় ছিলেন ইউটিউবে আসার। অবসান হলো সে অপেক্ষার। আগেই বলা হয়েছিল, প্রচারের দিনই ইউটিউবে ছাড়া হবে ‘পুনর্জন্ম ৩। কিন্তু সিদ্ধান্ত বদলে চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, ইউটিউবে এ নাটকটি বাড়তি সংযোজন করে উন্মুক্ত হয়েছে।
এতে দর্শকদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠবে ‘পুনর্জন্ম ৩’। টেলিভিশনে ‘পুনর্জন্ম ৩’-এর ৬০ মিনিটের ভার্সনটি সম্প্রচার হয়েছে, কিন্তু ইউটিউবে ৮৫ মিনিটের পূর্ণ ভার্সনটি দর্শক দেখতে পাচ্ছে।
ভিকির ভাষ্য, ‘পুনর্জন্ম ইউনিভার্স নিয়ে দর্শকের অনেক আগ্রহ। তাই খুব যত্ন আর পরিশ্রম দিয়ে কাজটি করছি। এ গল্পেও অনেক টুইস্ট থাকছে। তবে শেষ মুহূর্তে থাকবে বড় চমক।’
অন্যদিকে, ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকায় নিজ ফেসবুক ওয়ালে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ভিকি জায়েদ।
‘পুনর্জন্ম ৩’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন, নওশাবা, খায়রুল বাসার, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ।
প্রবা/টিএম/জেও