প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৪:৪৯ পিএম
২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের জনপ্রিয় সুপারম্যান সিরিজের নতুন সিনেমা। এর নাম ঠিক করা হয়েছে ‘সুপারম্যান : লিগ্যাসি’। ‘ম্যান অফ স্টিল’ সিনেমার গল্প অনুসরণ করে এই সিনেমার চিত্রনাট্য করা হবে বলে হলিউডের বেশকিছু গণমাধ্যমে নিশ্চিত করেন ছবিটির পরিচালক জেমস গান।
তিনি এর চিত্রনাট্যকার ও ডিসির সিইও। তিনিই সুপারম্যানের নতুন পর্বটি নির্মাণ করবেন। আর এই পর্বে থাকছে চমকের পর চমক। একাধিক সুপারহিরো নিয়ে সুপারম্যান লিগ্যাসি সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। যেখানে মার্ভেলের আরও তিন সুপারহিরোকে উপস্থিত করবেন তিনি। যাদের সঙ্গে সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন।
মার্ভেলের জনপ্রিয় হকগার্লকে এই সিনেমায় দেখানো হবে। যেই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ইসাবেলা মার্কেড। ঐতিহ্যগতভাবে থানানগর গ্রহের একজন ডানাওয়ালা যোদ্ধা হকগার্ল। যার নখের মধ্যে সুপার পাওয়ার রয়েছে। পৃথিবীর যে কোনো শক্তির মুখোমুখি হওয়ার সামর্থ্য রয়েছে তার।
সিনেমায় ডিসির জনপ্রিয় কার্টুন চরিত্র মি. টেরিফিককেও দেখা যাবে। এ চরিত্রে অভিনয় করবেন অভিনে এডি গ্যাথেগি। তিনি ২০১১ সালে মুক্তি পাওয়া ‘এক্স ম্যান’ সিনেমায় অতিমানবীয়-অভিযোজিত ডারউইনের চরিত্রে অভিনয় করেছিলেন।
সিনেমায় আরও এক সুপারহিরো চরিত্রে অভিনয় করবেন নাথান ফিলিয়ন। তিনি জনপ্রিয় কার্টুন চরিত্র গাই গার্ডেন হয়ে পর্দায় আসবেন। তার সুপার পাওয়ার হচ্ছে শারীরিক উজ্জ্বলতা। শরীরের উজ্জ্বলতা দিয়ে শত্রুদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবেন তিনি।
আর সুপারম্যান : লিগ্যাসি সিনেমার সুপারম্যান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ডেভিড কোরেন্সওয়েটকে। এ চরিত্রটি কেমন হবে এ বিষয়ে সারপ্রাইজ রেখেছেন নির্মাতা গান। এই চরিত্রের জন্য হলিউডের বড় বড় ছয়জন সুপারস্টারের সঙ্গে আলাপ হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানের। তাদের মধ্য থেকে ডেভিডকে বাছাই করা হয়েছে।
২৯ বছর বয়সি ডেভিড কোরেন্সওয়েট ২০২২ সালে নেটফ্লিক্স সিরিজ ‘দ্য পলিটিশিয়ান’ ও মিনিসিরিজ ‘উই ওন দিস সিটি’তে দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘দ্য মার্ভেলাস মিসেস মাইসেল’ ও ‘হাউস অফ কার্ড’-এর মতো সিরিজে অভিনয় করার জন্যও খ্যাতি রয়েছে ৩২ বছর বয়সি এ অভিনেতার।
পরিচালক গান প্রযোজক পিটার সাফরানের সঙ্গে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিটির প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রয়েছেন। এই নির্মাতা ফেব্রুয়ারিতে বলেছিলেন, সুপারম্যান : লিগ্যাসির মধ্য দিয়েই ডিসি ইউনিভার্সের ‘প্রকৃত সূচনা’ হবে।
সবকিছু ঠিক থাকলে সুপারম্যান : লিগ্যাসি সিনেমাটি ২০২৫ সালের ১১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে।