বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ২০:১৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২২ ২০:২৬ পিএম
শারদীয় দুর্গোৎসবে পাঁচটি পরিবারের গল্পে তৈরি হয়েছে ৩ পর্বের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। নাটকটিতে ৫টি ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের পূজাকে ঘিরে দেখা যাবে নানা আয়োজন। ফলে নাটকটি একই সঙ্গে আনন্দ, হাসি, শিক্ষা ও অসাম্প্রদায়িকতার প্রতিচ্ছবি।
দুরন্ত টিভিতে প্রচারের অপেক্ষায় থাকা এ নাটকটিতে দেখা যায় পূজা উদযাপন করতে শুভ্রদের বাসায় আসে তার জেঠু ও জেঠিমা। স্বাস্থ্যসচেতন জেঠু কঠোর নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন। বাড়ির অন্য সদস্যদের স্বাস্থ্য নিয়েও তিনি বেশ সচেতন।
জেঠুর কঠোর নিয়মের বেড়াজালে শিশুরা যখন হাঁপিয়ে ওঠে, তখন তিনি শিশুদের জানান পূজা নিয়ে তার মজার ভাবনাটি। পূজা উপলক্ষে শিশুদের যাত্রাপালা দেখানোর আয়োজন করেছেন তিনি। মহা আনন্দে শিশুরা যখন যাত্রাদলের অপেক্ষা করতে থাকে, তখনই জেঠু জানান যাত্রাদল তাদের যাত্রা দেখাতে পারবে না।
তখন শিশুরা নিজেরাই জেঠুর পরিচালনায় ‘মহিষাসুর বধ’ যাত্রাপালাটি করার সিদ্ধান্ত নেয় এবং নানা মজার ঘটনার মধ্য দিয়ে পরিবারের সবার উপস্থিতিতে তারা পালাটি করে।
পূজার বিশেষ ধারাবাহিক নাটকটির রচয়িতা শাওন কৈরী এবং পরিচালক মো. তোফায়েল সরকার। নাটকটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে যারার তাহের সোবহান, মানহা মেহজাবিন, উমাইজা শাহিদা আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধা চাকমা, স্বৌজ: সায়ন্তন। জেঠু চরিত্রে অভিনয় করেছেন অলক বসু এবং অন্যান্য চরিত্রে ছিলেন বৃন্দাবন দাস, আকতারুজ্জামান, পাভেল ইসলাম, সাবিহা জামান, মনিরুল হোসেন শিপন, মাহবুব আলম, আনোয়ার হোসেন প্রমুখ।
দুরন্ত টিভির উৎসবের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’র শারদীয় দুর্গোৎসবের ৩টি পর্ব দেখা যাবে ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর দুপুর ১টা ও রাত ৮টা ৩০ মিনিটে।
প্রবা/এলএ/টিই