প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৪:৪১ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৫:১৪ পিএম
ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। অন্যদিকে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সৃজিত ও জয়ার প্রেমের সম্পর্কের বিষয়টি অনেক আগে থেকেই বেশ চর্চিত। সেই চর্চা নিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে। কারণ সৃজিতের ‘দশম অবতার’ সিনেমায় পাঁচ বছর পর কাজ করছেন জয়া।
বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন সৃজিতপত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়, ‘সৃজিতের দশম অবতারে জয়া আহসান। একসময় তাদের নিয়েও অনেক কথা শোনা যেত, আবার একসঙ্গে কাজ করছেন তারা, কী বলবেন?’
জবাবে মিথিলা বলেন, ‘সে তো কতজনের সঙ্গেই কত কিছু শোনা গেছে। সবাইকে বাদ দিলে কাজের জন্য আর কাউকে পাবে না। পুরোনো কারও সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না, সেটা তো নয়। কাজ তো কাজই। জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। যদি ঝামেলা করি, তাহলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবও না।’
অতীত নয়, বর্তমানকেই প্রাধান্য দেন দাবি করে মিথিলা বলেন, ‘আমাদের বিয়ের তিন বছর হয়ে গেছে, এখন এ সম্পর্কটা স্ট্যাবল। এসব আর ভাবি না। আর এসব নিয়ে রাগ করে কী করব? এতে কার কী লাভ? কারও কোনো লাভ হয় না। কারও অতীত আমি তো বদলাতে পারব না, সেটা নিয়ে রাগ করে লাভ নেই। তার চেয়ে বর্তমানে ভালো থাকি।’