প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১২:৫৯ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৩:২১ পিএম
মাথার ওপর নীল আকাশ। টুকরো টুকরো সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। দেখলে মনে হবে মেঘগুলোও যেন গানের সুরে সুরে দুলছে। ঠিক তাই, ৯ জুলাই লন্ডনের আকাশটা এমনই ছিল। সেদিন সেখানে ঈদ আনন্দমেলা আয়োজনে অংশ নেয় বাংলাদেশের নন্দিত ব্যান্ড সোলস। প্রায় ২০ হাজার দর্শকের সামনে তারা গান পরিবেশন করে। সেখানে সোলসের ট্রিবিউটে শ্রদ্ধায় ফিরে এসেছিলেন প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চুও।
অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। এ সময় তিনি সোলসের সদস্যদের হাতে ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা তুলে দেন।
‘এ এমন পরিচয়’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করে ব্যান্ডটি। এরপর একে একে ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’, ‘কেন এই নিঃসঙ্গতা’, ‘ব্যস্ততা দেয় না অবসর’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করে।
এ অনুষ্ঠানের মধ্য দিয়েই সোলসের ৫০ বছর পূর্তির আয়োজন শুরু হয়েছে। এ উপলক্ষে লন্ডনবাসীদের সিলেটী ভাষায় ‘কিতা ভাইসাব’ গানটি উপহার দেয় ব্যান্ডটি। এ সময় হাজারো কণ্ঠে গানটি স্টেডিয়ামজুড়ে অন্যরকম উন্মাদনা সৃষ্টি করে।
এ আয়োজনে প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে ‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করেন সোলস সদস্যরা।
প্রথমবারের মতো লন্ডনে পারফর্ম করা প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘প্রথমবারের মতো সোলস লন্ডনে শো করেছে। হাজার হাজার প্রবাসী বাঙালি আমাদের গান উপভোগ করেছেন। তাদের সঙ্গে সুন্দর সময় কাটালাম। বিশেষ করে সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনবাসীদের কিতা ভাইসাব গানটি উপহার দিতে পেরে খুবই ভালো লাগছে।’
ঈদ আনন্দমেলায় ছিল ২ শতাধিক স্টল। সকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে লন্ডনপ্রবাসী বাঙালিদের মিলনমেলা। অনুষ্ঠানটি আয়োজন করেছে টিঅ্যান্ডটি কনসালট্যান্সি।
লন্ডনের এ সফরে আছেন পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কি-বোর্ড) মারুফ হাসান রিয়েল (বেজ গিটার) ও শামীম আহমেদ (সাউন্ড ইঞ্জিনিয়ার)।