প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১২:৪৪ পিএম
পুত্রসন্তানের জন্ম দিয়ে বংশের চেরাগ জ্বালাতে না পারার হতাশা নিয়ে ঢাকায় পা রাখেন চেরাগ আলী। গ্রামের জটিল মানসিকতার একটি চরিত্র। স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে তিনি শহরে আসেন। পুত্রের জন্ম দিতে না পারায় স্ত্রীর প্রতি তার ক্ষোভ ও অভিযোগের শেষ নেই। তিন কন্যাকেও তিনি মনে করেন বোঝা। অভাবের চাপে পিষ্ট হয়ে শহরে আসেন ভাগ্য বদলের আশায়। তার স্ত্রী আবার গর্ভবতী হন। চেরাগ আলী রেগে যান আবারও কন্যা হবে ভেবে। ঢাকায় এসে পরিচয় হয় এক প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে। পুত্রসন্তানের লোভে চেরাগ আলী সেই পরস্ত্রীকে বাগিয়ে নিয়ে সংসার পাতার স্বপ্ন দেখেন।
লোন নিয়ে ১ লাখ টাকা তুলেও দেন প্রেমিকার হাতে। কথামতো একদিন পালিয়েও যান। কিন্তু নিয়তি চেরাগ আলীর পক্ষে না। এক দুর্ঘটনায় নিজের দুটি হাতই হারিয়ে বসেন। আর তার প্রেমিকা তাকে ফেলে চলে যান অন্য আরেকজনের হাত ধরে। বাধ্য হয়ে পঙ্গু চেরাগ আলী ফিরে আসেন স্ত্রী-কন্যাদের কাছে। এরই মধ্যে জানা যায় চেরাগ আলীর পুত্রসন্তান হবে। তবে সংসার চালানোর জন্য গর্ভের সেই আরাধ্য পুত্রকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন চেরাগ আলীর স্ত্রী। এটা চেরাগ আলী মেনে নিতে পারেন না। তিনি বড় মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষে করে টাকা জমাতে থাকেন। পুত্রকে বিক্রি করে যে টাকা তার স্ত্রী এনেছেন সেই টাকা ফেরত দেবেন বলে। চেরাগ আলী কিছুতেই তার বংশের বাতি অন্যের ঘরে তুলে দিতে চান না।
তার আগেই আসে পুত্র জন্মানোর সেই মাহেন্দ্রক্ষণ। চিকিৎসক জানান, অবস্থা গুরুতর। হয় পুত্র অথবা স্ত্রী যেকোনো একজনকে বেছে নিতে হবে। চেরাগ আলী মনের সঙ্গে যুদ্ধ করে স্ত্রীকেই বেছে নেন। পঙ্গুজীবনে স্ত্রীর ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে মায়ায় বেঁধে ফেলে। পরে দেখা যায় স্রষ্টার কৃপায় পুত্র ও স্ত্রী দুজনই সুস্থ আছেন। চেরাগ আলী দেখেন যার কাছে তার স্ত্রী পুত্রকে বিক্রি করেছিলেন তিনিও হাজির। চেরাগ আলী পুত্রকে দিতে রাজি হন। তিনি বুঝতে পারেন বংশের চেরাগ জ্বালাতে পুত্রই শুধু নয়, কন্যারাও সক্ষম। তিনি তার কন্যাদের গুরুত্ব বুঝতে পারেন। সেই সঙ্গে স্ত্রীর ভালোবাসার মর্যাদাও বুঝতে পারেন। এমনই এক মানবিক বার্তার নাটক ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’। জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় এ নাটকটিতে চেরাগ আলী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার স্ত্রীর চরিত্রে দর্শকের মন জয় করেছেন তানিয়া বৃষ্টি। সোমবার দুপুর পর্যন্ত নয় দিনে নাটকটির ভিউ হয়েছে ১০ মিলিয়ন। ভিউয়ের দিক থেকে শীর্ষে না হলেও নাটকটি কোরবানি ঈদে নাটকের তালিকায় গল্পের জন্য আলোচনায় রয়েছে। আর ট্রেন্ডিংয়ে এ নাটকের অবস্থান ৩-এ।
শীর্ষে আছে ‘ফিমেল ৩’। নাটকটির গল্প খুবই দুর্বল। নেই তেমন কোনো বার্তাও। হাস্যরসাত্মক গল্পে জনপ্রিয় ‘ফিমেল’ নাটকের তৃতীয় পর্ব এটি। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন তার সঙ্গে কাজ করা নিয়মিত তারকারাই। আছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শিমুল, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল প্রমুখ। বিয়ের পাত্রী দেখাকে কেন্দ্র করে ফিমেল নাটকের এবারের পর্বের গল্প এগিয়েছে। মজার মজার সংলাপ নাটকটিকে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় করেছে। সোমবার দুপুর পর্যন্ত ‘বঙ্গ’-এর ইউটিউব চ্যানেলে এক সপ্তাহে নাটকটির ভিউ হয়েছে ১৪ মিলিয়ন। ট্রেন্ডিংয়ের শীর্ষ ২-এ আছে কাজল আরেফিন অমিরই আরেক নাটক ‘কিডনি’। সংলাপে অনেক আপত্তিকর শব্দ ব্যবহার হলেও নাটকটিতে দেওয়া হয়েছে একটি সামাজিক বার্তা ও সতর্কতা। এর ভিউ হয়েছে নয় দিনে ১২ মিলিয়ন।
সময়ের ট্রেন্ড জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের নাটক মানেই ভিউয়ের ছড়াছড়ি। গেল কোরবানি ঈদেও অনেক নাটকে দেখা গেছে তাদের। তার মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ের চতুর্থ স্থানে আছে এ জুটির নাটক ‘লাভ ইউ ম্যাডাম’। হাসির এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহিন খান। মাত্র ৪.৮ মিলিয়ন ভিউ নিয়ে নাটকটি ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। মহিদুল মহিমের ‘খঞ্জুস ২’ আছে ৫ নম্বরে। প্রথম পর্বের সাফল্যের পর খঞ্জুস নাটকের নতুন পর্বেও জুটি হয়েছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। নাটকটি দেখেছেন ৮৭ লাখ দর্শক।
ট্রেন্ডিংয়ের ৬-এ আছে আফরান নিশো ও মেহজাবীন জুটির আলোচিত ‘পুনর্জন্ম’ নাটকের অন্তিম পর্ব। এ পর্ব দিয়েই ভিকি জাহেদ তার বহুল জনপ্রিয় থ্রিলার ও রহস্যময় গল্পে নির্মিত নাটকের সিরিজটির ইতি টেনেছেন। এ নাটকের ভিউ হয়েছে নয় দিনে ৮.২ মিলিয়ন।
এ তালিকার ৭-এ আছে নিলয়-হিমি জুটির ‘জামাই শ্বশুরের কোরবানি’, ৮ নম্বরে আছে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল জুটির ‘নিউলি ম্যারিড’, ৯-এ অপূর্ব ও রুনা খানের নাটক ‘বহিরাগত’ এবং ১০ নম্বরে অবস্থান করছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তৌসিফ মাহবুব ও নাজনিন নাহার নিহার ‘অনুরাগ’। নাটক চারটি যথাক্রমে ৮ মিলিয়ন, ৩.৪ মিলিয়ন, ২.৭ মিলিয়ন ও ৪.৭ মিলিয়ন ভিউ পেয়েছে।
এ ছাড়া এবারের ঈদে বেশ কিছু গল্পপ্রধান নাটক প্রকাশ হয়েছে; যেগুলো আলোচনায় এসেছে। পাচ্ছে দর্শকের প্রশংসা। নাটকে দেখা গেছে যেগুলো গল্পের জন্য দর্শকের মধ্যে আবেদন তৈরি করেছে। সে তালিকায় অন্যতম ইমরাউল রাফাতের পরিচালনায় ‘কাছের মানুষ’ নাটকটি। চমৎকার এক পারিবারিক আবহে গল্পের নাটকটি দর্শক কাঁদিয়েছে। নাটকটিতে ফুটে উঠেছে এক কঠিন বাস্তবতার গল্প। বাবার মৃত্যুর পর পরিবারের বড় ছেলের ওপর যে কঠিন দায়িত্ব এসে পড়ে তা নিয়েই এ গল্প। মন্তব্যের ঘরে গিয়ে দেখা যায় দর্শকের অসংখ্য ইতিবাচক মন্তব্য। সিএমভি থেকে প্রকাশ হওয়া নাটকটি ভিউ পেয়েছে ৫১ লাখেরও বেশি। রাফাত মজুমদার রিংকুর ‘বন্ধন’ নাটকটিও বেশ সাড়া ফেলেছে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, তারিক আনাম খান প্রমুখ। এ ছাড়া সকাল আহমেদের ‘সব দোষ হোসেন আলীর’, ইমরাউল রাফাতের ‘পা’ নাটকগুলো আবেদন ছড়িয়েছে। অনন্য ইমন পরিচালিত ‘দূর থেকে দূরে’, ‘বুক পকেটে জীবন’ নাটক দুটিও গল্পের জন্য প্রশংসা পাচ্ছে। গল্পের দিক থেকে প্রশংসিত হয়েছে রুনা খান অভিনীত পিকক এন্টারটেইনমেন্টের ‘বড় মেয়ে’ নাটকটি। এটি পরিচালনা করেছেন শাহাজাদা ইসলাম শায়খ।
কোরবানি ঈদ উপলক্ষে শতাধিক নাটক এসেছে। তার মধ্যে আলোচনা ও ভিউয়ের দিক থেকে তালিকার শীর্ষে আছে মিশু সাব্বির, চাষী আলমদের ‘বি কোম্পানি’, মোশাররফ করিম ও মিম চৌধুরীর ‘হারামখোর’, তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিনের ‘আগমন’, মুশফিক আর ফারহান ও তানজিন তিশার ‘এভাবেও ভালোবাসা যায়’, মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের ‘সম্পর্ক’, নিলয়-হিমি জুটির ‘ ঠোঁটকাটা জামাই’, ‘কোটি টাকার ডেপোজিট’, নিলয়-মাহি জুটির ‘তুমিতো আমারই’, মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি জুটির ‘আড়াই তালাক’, জোভান ও কেয়া পায়েলের ‘কপি পেস্ট’ ইত্যাদি নাটক।