প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৩:৫৬ পিএম
বিনোদনজগতের নতুন মার্কেট ওটিটি। যেখানে বিশ্বের যেকোনো ধরনের দর্শকদের জন্য কনটেন্ট উন্মুক্ত। তবে কম বয়সিদের জন্য এই প্ল্যাটফর্ম বন্ধ রাখার পক্ষপাতী বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। তার মতে, ওটিটির সিনেমা-সিরিজগুলো ‘সমকামিতার’ বিষয়বস্তুতে ভরা, যা ছোটদের দেখার উপযোগী নয়। এই বলিউড অভিনেত্রীর পরামর্শ, ওটিটিতে কিছু দেখার সময় সবাই যেন বাড়ির শিশু বা অল্প বয়সিদের চোখ ঢেকে রাখেন।
ওটিটির কনটেন্ট নিয়ে এর আগে বিরূপ মন্তব্য করেছিলেন বলিউড তারকা সালমান খান। সিনেমায় নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় এড়িয়ে যাওয়া সালমানের ভাষ্য ছিল, ওটিটিতে সিরিজ ও ওয়েব ফিল্মে অশ্লীল দৃশ্য, গালাগালি আর নগ্নতার ছড়াছড়ি। এসব বন্ধ হওয়া উচিত। এবার আমিশাও একই মন্তব্য করলেন।
অভিনেত্রী এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লেখেন, ‘সুন্দর গল্পের পরিচ্ছন্ন দৃশ্য সিনেমার জন্য মানুষের ক্ষুধা আছে, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম তা দেখাতে পারছে না। দাদু-ঠাকুরমা তাদের নাতি-নাতনি বা বাবা-মায়েরা ছেলেমেয়েদের নিয়ে এক সঙ্গে বসে সিনেমা দেখছেন, সেই দিন হারিয়ে গেছে।’
এ সময় তিনি আরও লেখেন, ‘ওটিটিতে কেবল সমকামিতা বা নারীর সঙ্গে নারীর বা পুরুষে-পুরুষের শারীরিক সম্পর্ক গল্পে তুলে আনা হচ্ছে। এখন আপনার কাজ হলো, বাচ্চারা যাতে ওটিটিতে ঢুকতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করা।’
বলিউড ইন্ডাস্ট্রিতে আমিশা পা রাখেন ২০০১ সালে। তার প্রথম সিনেমা ‘কহো না প্যায়ার হ্যায়’। হৃত্বিকের বিপরীতে অভিনয় করে রাতারাতি তারকা বনে যাওয়া আমিশার ক্যারিয়ারের আরেকটি সিনেমা হলো ‘গদর : এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালিত ২০০১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমা বলিউডের ইতিহাসে হিট সিনেমাগুলোর একটি।