প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১২:৫৩ পিএম
স্যাটেলাইট চ্যানেলে একুশে টিভিতে এরই মধ্যে প্রচার করা শুরু হয়েছে প্রশ্ন ও সোহান খান রচিত এবং সৈয়দ রেফাত সিদ্দিক পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’। নাটকটি প্রযোজনা করছেন এম হাবিবুর রহমান। ধারাবাহিকটিতে অনেকের অভিনয়ের পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জাফর চরিত্রে ওবিদ রেহান, ছোরমান চরিত্রে প্রাণ রায়, যিনি বিশিষ্ট একজন পাগল, শাকুর চরিত্রে নূর এ আলম নয়ন ও জামশেদ চরিত্রে সায়েম সামাদ।
কিছুদিন আগেই নাটকটির প্রচার শুরু হয়েছে। সে সময় নাটকটি যুগ্মভাবে পরিচালনা করতেন দুজন পরিচালক। এখন সৈয়দ রেফাত সিদ্দিক একাই নাটকটি পরিচালনা করছেন। পরিচালকের ভাষ্য মতে, আগের চেয়ে এখন নাটকের গল্প আরও জমজমাট হয়ে উঠেছে। যারা অভিনয় করছেন তারাও কাজটি বেশ আগ্রহ নিয়ে করছেন।
সৈয়দ রেফাত সিদ্দিক বলেন, ‘নাটকটির শুটিং শুরু হয়েছিল বেশ আগে। কিন্তু নানান জটিলতায় নাটকটি প্রচার করা শুরু হয়। কিছুদিন আগেই বিটিভিতে নাটকটির প্রচার শুরু হলো। শুরু হওয়ার পর থেকে সত্যিই বেশ সাড়া পাচ্ছি। এতে যারা অভিনয় করছেন তারাও বলেছেন গল্পের কারণেই মূলত নাটকটির সাড়া পাচ্ছেন প্রত্যেকেই। নাটকে অনেকের পাশাপাশি সায়েম সামাদ ভাই, প্রাণ রায় দাদা, ওবিদ ভাই ও নয়ন ভাই নিজেদের চরিত্রে অসাধারণ অভিনয় করছেন। আমি সবার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে, তারা প্রত্যেকেই ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করছেন। আমার বিশ্বাস এরই মধ্যে শুটিং হয়ে যাওয়া পর্বগুলো প্রচারে এলে দর্শকের আরও বেশি ভালো লাগবে।’
প্রাণ রায় বলেন, ‘চিরকুমারী সংঘ ধারাবাহিকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সবচেয়ে বড় কথা গল্প তো ভালো, সেই সঙ্গে ইউনিটটাও দারুণ। কাজ করার জন্য বেশ স্বাধীনতা আছে, যেটা শিল্পীর ভালোভাবে অভিনয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ। রেফাত বেশ মনোযোগ দিয়েই এই সময়ের পর্বগুলো ধারণ করছে।’
নূর এ আলম নয়ন বলেন, ‘গল্পটা এরই মধ্যে জমে উঠেছে। আমরা সবাই খুব আন্তরিকতা নিয়ে কাজটি করছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল।’
এ নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহান খান, স্বাগতা, শাকিলা, সাইফ খান প্রমুখ।