বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১৫:১৬ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২২ ১৫:৪৮ পিএম
শারদীয় দুর্গোৎসবে রোববার সন্ধ্যা ৭টায় কমলগঞ্জের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র 'আলো আমার আলো’-এর প্রিমিয়ার হবে। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় শুভাশিস সিনহা। চিত্রগ্রহণ করেছেন আবিদ মল্লিক।
এই ছবি নির্মাণ করা হয়েছিল লকডাউনের সময়। একটি শারীরিক প্রতিবন্ধী মেয়ের সত্যিকারের গল্প নিয়ে নির্মিত এক ঘণ্টার এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জ্যোতি সিনহা এবং অপর্ণা বন্দনা। প্রতিবন্ধীর ভূমিকায় অভিনয় করা বন্দনা নিজেও একজন প্রতিবন্ধী।
আরও অভিনয় করেছেন মনি বড়ুয়া, বিলকিস বেগম, বিধান সিংহ প্রমুখ।
গল্পে দেখা যায়, রুপা নামের শহুরে নিঃসঙ্গ এক মেয়ে অনলাইনে একদিন ভাগ্যাহত আলোর পরিচয় পায়। দুজনের এক মায়াময় সম্পর্ক গড়ে ওঠে। রুপা আলোর পাশে দাঁড়ায়। কিন্তু ঘটে নানান টানাপোড়েন। একটি মানবিক সম্পর্কের ঘটনা নিয়ে এগিয়ে যায় গল্প।
চলচ্চিত্রটির শিল্প নির্দেশনায় আছেন সজল কান্তি সিংহ। প্রযোজনা সংস্থা তাহারা-এর ব্যানারে এর প্রযোজক উত্তম কুমার সিংহ।
জানা গেছে, ধাপে ধাপে দেশের বিভিন্ন জায়গায় সিনেমাটির আরও প্রদর্শনী হবে।
প্রবা/এসএস/এলএ/এমজে/