প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ১৩:৩৮ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩ ১৩:৪৯ পিএম
চ্যানেল আইয়ের সাড়া জাগানো নাটক ‘পুনর্জন্ম’। আগে এর তিন কিস্তি দর্শক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এবার দর্শক দেখল পুনর্জন্মের অন্তিম পর্ব! শুক্রবার রাতে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর ভিকি জাহেদের জনপ্রিয় এ নাটকটির অন্তিম পর্ব প্রকাশিত হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে! স্ট্রিমিং হওয়ার সময় একসঙ্গে ১ লাখের বেশি দর্শক দেখেন ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তি বিশেষ এই নাটক!
সিক্যুয়ালে নির্মিত এ নাটকের মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা এ নাটক সব শ্রেণির দর্শকের মন জয় করে।
ইউটিউবে প্রকাশের ১৫ ঘণ্টার মধ্যে নাটকটি দেখা হয়েছে প্রায় ১৭ লাখ বার। দেশি কন্টেন্টে ইউটিউব ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে জায়গা করে নিয়েছে নাটকটি!
আগের মতো নিশো-মেহজাবীন ছাড়াও পুনর্জন্ম ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ আগে যাদের দেখেছেন দর্শক, অন্তিম পর্বে সবাইকে পাবেন।
২০২১ সালের জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে পুনর্জন্ম নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় পুনর্জন্ম ২। সর্বশেষ গেল বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রচার হয় পুনর্জন্ম ৩। এরপর রিলিজ দেওয়া হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে। সেখানে লাখ লাখ দর্শক নাটকটি দেখেছেন, করেছেন তুমুল প্রশংসা।