প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৭:০০ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩ ১৭:৩২ পিএম
প্রিন্স মাহমুদ। এই নামটি মনে পড়লেই বাংলা গান পাগল শ্রোতাদের মনটা যেন আবেগে কানায় কানায় ভড়ে ওঠে। মনের ভেতর বাংলা ব্যান্ড সংগীতের জীবন্ত অনেক কিংবদন্তী, সেরাদের অনেক গান মনে পড়ে যায়। সেই নব্বই দশকের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক তিনি। কালজয়ী অসংখ্য গান রয়েছে এই সুরকারের সুরে। কাজ করেছেন বাংলা সিনেমাতেও। তাও হাতেগোনা।
বরেণ্য এই সুরকার কাজ করলেন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায়। হিমেল আশরাফের পরিচালনায় এতে থাকছে প্রিন্স মাহমুদের সুরে একটি গান। এটি লিখেছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’খ্যাত গীতিকবি সোমেশ্বর অলি। তবে গানের শিরোনাম এখনই প্রকাশ করতে নারাজ নির্মাতা। মুখ খুলতে চান না প্রিন্স মাহমুদও।
আর তাই বাংলা গানের শ্রোতারা মুখিয়ে আছেন তার এই নতুন চমকের জন্য।
দীর্ঘদিন পর সিনেমায় গানের বিষয়টি নিশ্চিত করে প্রিন্স মাহমুদ তার ফেসবুকে লিখেছেন, 'হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের 'প্রিয়তমা' ছবিতে একটা গান করেছি। গানটার মায়ায় পড়ে গেছি। নায়ক শাকিব পড়েছে, হিমেল পড়েছে, তুমিও পড়বে। পড়বেই। ইনশাআল্লাহ'
পাশাপাশি গণমাধ্যমকে তিনি জানান, ‘এই গানের বিষয়ে ছবির নির্মাতাই ভালো বলতে পারবে। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এটুকু বলতে পারি, গানটি এই ঈদে শ্রোতাদের জন্য বিশেষ। এবার এই ছবির বাইরে আর কোনো কাজ করা হয়নি। এটিই থাকছে সংগীতপ্রেমীদের জন্য আমার ঈদ উপহার। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘বহুবার সিনেমায় গান করার প্রস্তাব এসেছে। নায়ক মান্না চেয়েছিলেন গান করি। হয়ে উঠেনি। শাকিব খানের জন্যও গান তৈরির প্রস্তাব একাধিকবার পেয়েছি। অনেক ভালো পারিশ্রমিকও ছিল। কিন্তু মন সায় দেয়নি। ‘প্রিয়তমা’ ছবির জন্য কাজ করেই ফেললাম। আমি শুধু চাই গানটা উপভোগ করুক সবাই।’
অন্যদিকে গীতিকার সোমেশ্বর অলি ‘প্রিয়তমা’ সিনেমায় গান লেখার অনুভুতি জানিয়ে ফেসবুকে লিখেছেন, 'প্রিন্স মাহমুদ-এর সুরে অলির কথা, অলিরিক। একটা ঘোরের মধ্যে আছি। হুম।হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত 'প্রিয়তমা' ছবিতে থাকছে এই গান। ঈদের আগাম শুভেচ্ছা।
জানা গেছে, ‘প্রিয়তমা’ সিনেমায় এ গানটি থাকছে এই প্রজন্মের শিল্পীর কণ্ঠে।
এদিকে, প্রিন্স মাহমুদের গানের বিষয়ে নির্মাতা হিমেল আশরাফ বলেন, ‘আমি এই ছবিটি সব ধরনের দর্শকদের জন্য নির্মাণ করছি। সেদিক বিবেচনা করেই এই আইডিয়া। ছবির পরিকল্পনা শুরু করার পরই আমি প্রিন্স ভাইকে দিয়ে একটি গান করিয়ে রাখি। “প্রিয়তমা” ছবিতে এ রকম আরও অনেক চমক থাকছে, যা দর্শকদের অবাক ও মুগ্ধ করবে।’
উল্লেখ্য, আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। এর গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমায় শাকিব ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক। এটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে