বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৪ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪২ পিএম
হলিউডের আলোচিত প্রাক্তন জুটি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড চলতি বছর ছিলেন সংবাদমাধ্যমের শীর্ষে। জনির বিরুদ্ধে অ্যাম্বার হার্ডের মামলা নিয়ে কোর্টের ট্রায়ালের ভিডিও এখনও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এবার সেই আলোচিত ঘটনা উঠে আসছে সিনেপর্দায়।
বিতর্কিত সেই মামলার ট্রায়াল নিয়ে নির্মিত সিনেমার নাম রাখা হয়েছে ‘হট টেক : দ্য ডেপ/অ্যাম্বার ট্রায়াল’। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সিনেমাটি আমেরিকান ওটিটি প্লাটফর্ম ‘টুবি’তে মুক্তি পাচ্ছে।
এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। সেখানে কোর্টরুমে জনি ডেপের নির্মোহ অভিব্যক্তি, কিংবা অ্যাম্বারের ছটফটানি সবকিছুই ফুটে উঠেছে। পাশাপাশি মামলায় জয়ের পর জনির কোর্টরুমের লবিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুম্বন সবাই ভীষণ পছন্দ করেছে।
সিনেমায় জনি ডেপের ভূমিকায় অভিনয় করেছেন মার্ক হাপ্পা, অন্যদিকে মেগান ডেভিসকে দেখা যাবে অ্যাম্বারের চরিত্রে। ডেভিস চরিত্রায়ন করবেন জনির আইনজীবী ক্যামিলে ভাস্কেজের ভূমিকায়। গাই নিকুল্লোচির চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করছেন অ্যাডাম লিইনসেন।
নির্মাতা অ্যাডাম আমেরিকান গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘এই সিনেমার গল্প একেবারেই সমসাময়িক। ডেপ-অ্যাম্বারের ঘটনা নিয়ে আমাদের সবারই দৃষ্টি ছিল। ব্যক্তিগতভাবে এই মামলার প্রতিটি ঘটনা আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। সিনেপর্দায় সাবেক এই তারকা জুটির জীবন দর্শকের কাছে বাস্তব মনে হবে। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।
প্রবা/এসএস/এমজে