বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৮ পিএম
চলতি বছরের আলোচিত ‘হাওয়া’ সিনেমার নির্মাতা মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।
এদিন মামলা প্রত্যাহারের আবেদনে বলা হয়, যেহেতু মামলাটি বন্য প্রাণী আইন ২০১২-এর ৩৮(১), ৩৮(২), ৪১ এবং ৪৬ ধারায় বাদী মামলাটি করেন। আসামি অত্র মামলা সম্পর্কে অবগত হয়ে হাওয়া সিনেমায় ব্যবহৃত বন্য প্রাণী সম্পর্কে অবগত ছিলেন না এবং আসামি বন্য প্রাণী ব্যবহার করলে যে অপরাধ হবে তা জানতেন না। আসামি নিজের ব্যবহৃত প্যাডে বন্য প্রাণী ব্যবহার সম্পর্কে দুঃখ প্রকাশসহ নিষ্পত্তির জন্য আবেদন করেন। এরপর মামলার বাদী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ মামলাটি প্রত্যাহার করতে ইচ্ছুক।
এদিকে আগস্টের ১৭ তারিখ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলাটি করা হয়। বন্য প্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা বাদী হয়ে মামলাটি করেন।
গত ২৯ জুলাই হাওয়া চলচ্চিত্রটি মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটির একটি রিভিউতে জানানো হয়, এই চলচ্চিত্রে একটি পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন চান মাঝির চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী।
রিভিউ প্রকাশের পর হাওয়া চলচ্চিত্রে একটি শালিক পাখিকে খাঁচায় আটকে রাখা ও একপর্যায়ে হত্যা করে খাওয়ার দৃশ্য দেখানোর মাধ্যমে বন্য প্রাণী আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তোলেন অনেকে। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ আগস্ট এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় দেশে পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করা ৩৩টি সংগঠনের সমন্বিত প্রয়াস বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ)।
পরদিন প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্রটি দেখে আইন লঙ্ঘনের প্রমাণ মিলেছে বলে জানান বন অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
প্রবা/এসএস/এলএ/এমজে