প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৪:২৭ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ১৪:৪৯ পিএম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ মুক্তি পেয়েছে। আজ রাজধানীর সীমান্ত সম্ভারে হয়ে গেল চলচ্চিত্রটির প্রিমিয়ার শো।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ প্রিমিয়ার শোর উদ্বোধন করেন।
এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়কালে প্রতিমন্ত্রী পলক বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সবার কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। তাদের জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভালো আর কোনো মাধ্যম হতে পারে না। নির্মাতারা বঙ্গবন্ধুর ছেলেবেলা এ অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপুণভাবে তুলে ধরেছেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাবা-মায়ের আদরের খোকা কীভাবে বাংলার মানুষের কাছে মুজিব ভাই হয়ে উঠলেন, তাঁর জীবনসংগ্রাম এবং তাঁর বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটিতে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন ছাত্র হিসেবে কীভাবে তিনি একজন নেতা হয়ে উঠেছেন, জনমানুষের হৃদয়ে জায়গা করে নিলেন, রাজনৈতিকভাবে সফল হয়ে উঠলেন এবং বাংলাদেশের রূপকার হলেন। কীভাবে হয়ে উঠলেন সবার মুজিব ভাই—এসব বিষয়বস্তু হচ্ছে এ চলচ্চিত্রটির মূল উপস্থাপন। প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের উদ্যোগে অ্যানিমেশন চলচ্চিত্রটি দেশের তরুণসহ সব বয়সি দর্শকের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের এসব অধ্যায় চমৎকারভাবে উপস্থাপিত করার একটি প্রয়াস বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, অ্যানিমেশন চলচ্চিত্রে এবং অ্যানিমেশন শিল্পে দেশের তরুণদের উদ্বুদ্ধ করতে সর্বোপরি দেশের অ্যানিমেশন শিল্প এগিয়ে নিতে এ মুভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চলচ্চিত্রটির মূল কাহিনী লিখেছেন অজয় দাশগুপ্ত, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চন্দন কুমার বর্মন এবং সোহেল মোহাম্মদ রানা। চলচ্চিত্রটির প্রযোজনা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মূল নির্বাহী প্রযোজকরা হলেন জিনাত ফারজানা, আরিফ মোহাম্মদ ও মো. শফিউল আলম।
চলচ্চিত্রটির রিসার্চ লিড ছিলেন তন্ময় আহমেদ, প্রজেক্ট অ্যাডভাইজার মুস্তাফা মুহাম্মাদ হোসাইন এবং এক্সিকিউটিভ প্রডিউসার বায়জিদ খান রাহুল।
এ চলচ্চিত্রটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি হয়েছে। চলচ্চিত্রটির অ্যানিমেশন ডেভেলপ করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড আর সহযোগী প্রতিষ্ঠান ছিল হাইপার ট্যাগ লিমিটেড।
প্রিমিয়ার শোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভেদ শফিউল্লাহ, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, আইসিটি বিভাগের কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা, লেখক, গল্পকার, রিসার্চার, অ্যানিমেটর, নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সব কলাকুশলী।
মুক্তি পাওয়ার পর থেকে এ চলচ্চিত্রটি বিভিন্ন সিনেপ্লেক্স, ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলে দেখা যাবে।