প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১৩:০৬ পিএম
ঈদ উপলক্ষে টিভিতে নতুন নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে থাকে। পাশাপাশি অনেক বিদেশি সিনেমাও প্রচার হয় টিভিতে। সেগুলো বাংলায় ডাবিং করা হয়। তেমনি বাংলায় ডাবিং করে দুরন্ত টিভি প্রচার করতে যাচ্ছে পাঁচটি সিনেমা। সে তালিকায় আছে ফিলিক্স অ্যান্ড দ্য ট্রেজার অফ মর্গা, ফিজেটি ব্রাম, আলফি দ্য লিটল ওয়্যারউলফ, আইস ড্রাগন, আওলস অ্যান্ড মাইস। দুরন্ত টিভির দাবি, সিনেমাগুলো ঈদে শিশুদের বিনোদন দেবে।
ফিলিক্স অ্যান্ড দ্য ট্রেজার অফ মর্গা
এ ছবির গল্পে দেখা যাবে ফিলিক্সের বাবা দুই বছর আগে কোনো এক দ্বীপে গিয়ে হারিয়ে যায়। তাকে খুঁজতে ফিলিক্স এক বৃদ্ধ জেলের সাহায্য নেয়, সঙ্গে থাকে তার বিড়াল আর জেলের পোষা টিয়া পাখি। যে দ্বীপে তারা খুঁজতে আসে সেখানে দেখতে পায় লুকানো এক জাদুর শহর। এই দ্বীপেই ফিলিক্স তার বাবাকে খুঁজে পায়। বাবাকে উদ্ধার করতে ফিলিক্সের দুঃসাহসিক অভিযানের কাহিনী ‘ফিলিক্স অ্যান্ড দ্য ট্রেজার অফ মর্গা’। দুরন্ত টিভিতে সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে ঈদের দিন বেলা ৩টায়।
ফিজেটি ব্রাম
ব্রামের বয়স ৬ বছর। বইয়ের পড়ার চেয়ে তার বেশি ভালো লাগে গাছের লতা-পাতা, ফুল-ফল, পাখি এসব দেখতে। ব্রাম কখনোই স্থির থাকতে পারে না। ক্লাসের শিক্ষক মি. ফিশ তার অমনোযোগী ভাব এবং অস্থিরতা দেখে খুবই বিরক্ত। ব্রামের দুরন্ত সব ঘটনা নিয়ে দুরন্ত টিভির ভাষান্তরিত সিনেমা ‘ফিজেটি ব্রাম’। সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন বেলা ৩টায় শুধু দুরন্ত টিভিতে।
আলফি দ্য লিটল ওয়্যারউলফ
ভ্রিন্ডস পরিবার ছোট্ট আলফিকে বাসার সামনে খুঁজে পেয়ে নিয়ে আসে এবং নিজেদের সন্তানের মতোই লালনপালন করে। এক পূর্ণিমার রাতে আলফির শরীর নেকড়ের মতো হয়ে যায়। সে নেকড়ের মতো আচরণ করতে থাকে। প্রতিবেশীর মুরগি খেয়ে ফেলা এবং স্কুলে টিমির দুষ্টু সহপাঠীকে শাস্তি দেওয়া এসব কর্মকাণ্ডে তার নেকড়ের মতো আচরণ প্রকাশ পেতে থাকে। মূলত একটি শিশুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে তার মানসিক দ্বন্দ্ব এবং সেই সময়টিতে পরিবারের পাশে থাকার গল্প ‘আলফি দ্য লিটল ওয়্যারউলফ’। সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে ঈদের তৃতীয় দিন বেলা ৩টায় শুধু দুরন্ত টিভিতে।
আইস ড্রাগন
১১ বছরের মিকের মা মারা যাওয়ার পর সে তার বাবা ও বড় ভাই টনির সঙ্গে থাকে। এক দিন মিকের বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে ক্লিনিকে ভর্তি করানো হয়। এই অবস্থায় শিশু অধিকার কেন্দ্রের দুজন সদস্য মিককে দেখাশোনার জন্য তার খালা লেনার কাছে পাঠায়। লেনা খালা ও তার প্রতিবেশীরা মিককে নানাভাবে সাহায্য করার জন্য জোর চেষ্টা চালায়। শিশুর স্বাধীনতা নিয়ে সিনেমা ‘আইস ড্রাগন’। সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে ঈদের চতুর্থ দিন বেলা ৩টায় শুধু দুরন্ত টিভিতে।
আওলস অ্যান্ড মাইস
সাত বছর বয়সি মেয়ে মিরাল নতুন শহরে আসে। সেখানে স্কুলে নতুন বন্ধু তৈরি করা কঠিন হয়ে পড়ে। তাই সে বন্ধুত্ব করে ছোট ইঁদুর পিপিপর সঙ্গে। সে ইঁদুরকে স্কুল ক্যাম্পে নিয়ে যায়। ইঁদুরের কারণে অপ্রত্যাশিতভাবে তার নতুন বন্ধু তৈরি হয়। বন্ধুত্ব, প্রাণীর প্রতি ভালোবাসা ও বুদ্ধিদীপ্ত অভিযান নিয়ে চমৎকার গল্প ‘আওলস অ্যান্ড মাইস’। সিনেমাটির বাংলা প্রিমিয়ার দেখা যাবে ঈদের পঞ্চম দিন বিকেল ৩টায় শুধু দুরন্ত টিভিতে।