প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১০:১৭ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ১০:৪৮ এএম
কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। অভিনেতা শাকিব খানের পর আদর আজাদের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তার। তবে তার জায়গায় ‘লিপস্টিক’ সিনেমায় বাংলাদেশি অভিনেত্রী পূজা চেরিকে নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন দর্শনা।
তিনি বলেন, ‘‘লিপস্টিক সিনেমায় অভিনয়ের জন্য আমার সঙ্গে প্রথমে কথা হয়েছিল ঠিকই। তবে চুক্তিতে কোনো সই করিনি। তারপর তাদের পক্ষ থেকে আমার সঙ্গে আর কেউ যোগাযোগও করেননি। সেটা ভিসার জন্য না অন্য কোনো কারণে সঠিকভাবে বলতে পারব না। আমার ধারণা ভিসার জন্যই তারা পিছিয়ে গেছেন। তবে বিষয়টি আমাকে জানানো উচিত ছিল তাদের। ওই সিনেমার সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই।’
লিপস্টিক সিনেমায় দর্শনাকে বাদ দেওয়ার বিষয়ে সিনেমার গল্পকার আবদুল্লাহ জহির বাবু দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে তার পরিবর্তে পূজা চেরিকে নেওয়া হয়েছে।’
লিপস্টিক সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। গল্প ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ২০ জুলাই শুরু হবে সিনেমার শুটিং। ঢাকা ও ঢাকার বাইরে হবে শুটিং। পূজা-আদর জুটির দ্বিতীয় সিনেমা এটি। এর আগে তারা ‘নাকফুল’ সিনেমায় কাজ করেছেন, যেটি মুক্তির অপেক্ষায় আছে।