বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:১২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৩ পিএম
থ্রিলারধর্মী নাটক ‘পুনর্জন্ম’। গত বছরের জুলাইয়ে চ্যানেল আই-এ প্রচার হয় এটি। তখনই দর্শকের মন জয় করে নেয় নাটকটি। এটি পরিচালনা করে আলোচনায় আসেন ভিকি জাহেদ। আর এ নাটকে অভিনয় করে বাজিমাত করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
দুই বাংলায় দর্শকপ্রিয়তার পর তৈরি হয়েছিল সিক্যুয়েল। ‘পুনর্জন্ম ২’-ও পেয়েছিল দারুণ সাড়া। এরই ধারাবাহিকতায় নির্মাতা শিগগিরই নিয়ে আসছেন নাটকের তৃতীয় কিস্তি। এর নাম হতে যাচ্ছে ‘পুনর্জন্ম ৩’। নাটকটির লোমহর্ষক ট্রেলার ইতিমধ্যে প্রকাশ পেয়ে আলোচনা তৈরি করেছে।
সেই সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর ‘পুনর্জন্ম ৩’ আসছে। চ্যানেল আই-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘পুনর্জন্ম ৩’ প্রচার হবে ওইদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। টেলিভিশনে প্রচারের পরে নাটকটি দেখা যাবে চ্যানেল আইয়ের ইউটিউবেও। নিশ্চিত করেছেন পরিচালক ভিকি জাহেদ।
নাটকটিতে এবারেও শহরের বিখ্যাত শেফ রাফসান হক চরিত্রে দেখা দেবেন আফরান নিশো। রাফসানের স্ত্রী নীলা চরিত্রে আছেন মেহজাবীন চৌধুরী। এ দুটি চরিত্র ‘পুনর্জন্ম’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তিতে দর্শককে স্তব্দ করে দিয়েছিলেন। ট্রেলারে আভাস মিলেছে, নতুন পর্বটিতেও থাকবে অনেক চমক ও থ্রিলার।
ভিকি জাহেদ জানান, ‘আমার বেশির ভাগ কাজ ক্রিটিকসরা বেশি পছন্দ করে। কিন্তু ‘পুনর্জন্ম’ শুধু সমালোচক নয়; সব শ্রেণির দর্শক পছন্দ করেছেন। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরে থেকে প্রচুর সাড়া পেয়েছি। এটা আমার জন্য অনুপ্রেরণা।’
তিনি আরও জানান, অনেক বিদেশি দর্শকও নাটকটি উপভোগ করেন। সেটা বিবেচনা করে সাবটাইটেল দেওয়া হয়। এবারেও সেভাবেই প্রস্তুত হচ্ছে ‘পুনর্জন্ম’ নাটকের তৃতীয় কিস্তি।
নাটকটির এবারের পর্বে দেখা যাবে কাজী নওশাবা, খায়রুল বাশার, শাহেদ আলীসহ অনেকেই।
প্রবা/টিএম/এলএ/ এসআর