প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১৫:২২ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ১৫:২৪ পিএম
দেশবরেণ্য গুণী অভিনেতা আমিরুল হক চৌধুরী। দীর্ঘ অভিনয় জীবনে অনেক চরিত্র তিনি উপহার দিয়েছেন, যা দর্শককে মুগ্ধ করেছে। হুমায়ূন আহমেদের অনেক নাটকে তার চরিত্রগুলো আজও সুস্থ বিনোদনের খোরাক। বয়সকে জয় করে তিনি এখনও কাজ করে যাচ্ছেন সমানতালে। সম্প্রতি রাজধানীর ৩০০ ফুট এলাকার একটি লোকেশনে শুটিং করেছেন তিনি। ‘দাদুর বাসর’ নামের নাটকে তাকে দেখা যাবে নাম ভূমিকায়।
নাটকটি রচনা করেছেন আফজাল আহমেদ এবং পরিচালনা করেছেন আয়ূব আলী। এতে অভিনয় করা প্রসঙ্গে আমিরুল হক চৌধুরী বলেন, ‘সত্যিকার অর্থে এখন কিন্তু আর মাসজুড়ে কাজ করা সম্ভব নয়। শরীরও আগের মতো আর কাজে সায় দিতে চায় না। তবে ভালো গল্প পেলে চরিত্র ভালো লাগলে সেই কাজটা করার জন্য মনটা আর কোনো বাধা মানে না। দাদুর বাসর নাটকটির গল্প আমার কাছে যেমন ভীষণ ভালো লেগেছে, তেমনি চরিত্রটিও বেশ ভালো লেগেছে। নির্মাতা চেষ্টা করেছেন যত্ন নিয়ে কাজটি করতে। আশা করি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’
এদিকে কিছুদিন আগে আমিরুল হক চৌধুরী মামুন আবদুল্লাহর পরিচালনায় ‘ভাগ্য বিবি’ নামে একটি সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে ছিলেন শারমীন জোহা শশী। এ নাটকটি নিয়েও বেশ আশাবাদী আমিরুল হক চৌধুরী। হাস্যরসে ভরপুর নাটকটিতে থাকবে কিছু সিরিয়াস বার্তাও।
এ নাটকটি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন মামুন আবদুল্লাহ।