প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৭:৫৯ পিএম
সত্তর দশকের তুমুল জনপ্রিয় বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলি। এই ব্যান্ডের অন্যতম সদস্য তাপস বাপী দাস। যিনি বেশ কিছুদিন ধরে লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। তার চিকিৎসার সহায়তায় এবার এগিয়ে এল দলটির বাংলাদেশি ভক্তরা, শিল্পীরা।
তারা আয়োজন করেছে ‘ভালোবাসি জ্যোৎস্নায়’ শীর্ষক কনসার্ট। যা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই ঢাকার আগারগাঁওতে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে তাপস বাপী দাসের চিকিৎসায়। এই আয়োজনে অংশ নেওয়া প্রত্যেক শিল্পী মহীনের গানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় গাইবেন।
‘ভালোবাসি জ্যোৎস্নায়’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন অর্ঘ্য, অন্তু দাস, আরমীন মূসা, আসির আরমান, আহনাফ খান অনিক, আহমেদ হাসান সানি, কাকতাল, জয় শাহরিয়ার, তানযীর তুহিন (আভাস), তিলক, দ্যা রেহমান ড্যুও, নাঈম মাহমুদ, প্রবর রিপন (সোনার বাংলা সার্কাস), ফারহান, ফারাহ দিবা তাসনিম, ভাষা, মাঈশা মারিয়াম, মাসুদ হাসান উজ্জ্বল, মিশু (শহরতলী), মুয়ীজ মাহফুজ, মুসা কলিম মুকুল, রাজু (সহজিয়া), রাব্বি (সহজিয়া), রায়হানুল ইসলাম শুভ্র, রাশিদ শরীফ শোয়েব (মেঘদল), রিয়াদ হাসান, রোকসানা আমিন, লাবিক কামাল গৌরব, লিমন, লিসান, সন্ধি, সভ্যতা, সালেকিন, সিনা হাসান (বাংলা ফাইভ), সুহৃদ ও শুভেন্দু দাস শুভ।
কনসার্টের আয়োজক গৌতম কে শুভ জানান, ‘বাপীদা ক্যান্সারের সঙ্গে লড়ছেন অনেকদিন ধরে। পশ্চিমবঙ্গ সরকার তার পাশে দাঁড়িয়েছে। কলকাতার শিল্পীরাও তার জন্য কনসার্ট করে অর্থ সংগ্রহ করছে। এবার আমাদের পালা। আমাদের মনে হয়েছে, বাংলাদেশে আমরা যারা মহীনের গান শুনে বড় হয়েছি তাদেরও কিছু করার দরকার। ভালোবাসার জায়গা থেকেই এই আয়োজন।’
জানা গেছে, ১৪ জুলাই কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। ইতিমধ্যেই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা,১০০০ টাকা, ২০০০ টাকা ও ৫০০০ টাকা। এই আয়োজনের সঙ্গে এক হয়ে কাজ করছে ইভেন্টহোলিক, অ্যাকোস্টিকা ও আজব প্রকাশ।