প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৩:৩১ পিএম
বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচার হবে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। এতে চমক হিসেবে হাজির হবেন চিত্রনায়ক রিয়াজ। তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী শামীমা তুষ্টিকে। তারা দুজন এবার তারার মেলা উপস্থাপনা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন শামীমা তুষ্টি। তিনি জানান, এরই মধ্যে চট্টগ্রাম কেন্দ্রে উপস্থিত হয়ে তারার মেলার রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন।
তারার মেলায় রিয়াজ ও তুষ্টির উপস্থাপনায় বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেছেন আঁখি আলমগীর, নিপুণ, শখ, ইমরান, কোনালসহ আরও অনেকে। তুষ্টি বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান তারার মেলা উপস্থাপনা করে খুব ভালো লেগেছে। রিয়াজ ভাই নিঃসন্দেহে একজন নন্দিত নায়ক, অভিনেতা। তার সঙ্গে উপস্থাপনা করে ভীষণ ভালো লেগেছে। ধনবাদ নূর আনোয়র রঞ্জু ভাইকে আমাদের এত চমৎকার একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।’
এদিকে ২০২২-২৩ অর্থবছরে সরকার শামীমা তুষ্টিকে ৬০ লাখ টাকা অনুদান দিয়েছে। তার প্রযোজনায় নির্মিত হবে শিশুতোষ চলচ্চিত্র ‘মাটির রাজকুমার’। সিনেমাটি নির্মাণ করবেন রুবেল শঙ্কর। তুষ্টি বলেন, ‘রাষ্ট্রের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সরকারি অনুদান দেওয়ার জন্য। আমি একজন প্রযোজক হিসেবে সিনেমাটি যথাযথভাবে তৈরির আপ্রাণ চেষ্টা করব। যেহেতু এটি শিশুতোষ চলচ্চিত্র, তাই সর্বোচ্চ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণের চেষ্টা থাকবে।’
অন্যদিকে চিত্রনায়ক রিয়াজ অভিনয়ে অনিয়মিত হলেও বিশেষ দিনগুলোয় নানা রকম অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দর্শকদের মুগ্ধ করেন। তিনি দায়িত্ব পালন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হিসেবেও।