× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখুঁত হলেই ঈদে আসবে ‘অন্তর্জাল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১২:৫১ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৩:০৭ পিএম

নিখুঁত হলেই ঈদে আসবে ‘অন্তর্জাল’

পূর্বের ঘোষণা অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমা। সে অনুযায়ী সব কাজ সম্পন্নও করা হয়েছে। এখন চলছে কারেকশনের কাজ। সেখানেই সময় কেটে যাচ্ছে। নির্মাতার দাবি, সিনেমাটি যদি কোয়ালিটির দিক থেকে শতভাগ মানসম্মত না হয়, তাহলে ঈদে মুক্তির তালিকা থেকে পিছিয়ে যেতে পারে। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন পরিচালক দীপঙ্কর দীপন। 

তিনি বলেন, ‘অন্তর্জাল সিনেমার মুক্তির সম্ভব্য তারিখ নিয়ে সবার মধ্যে একটি কফিউশন দেখা দিয়েছে। বিষয়টি আমার কানেও এসেছে। এবার সবার উদ্দেশ্যে মুক্তির তারিখ নিয়ে যে সন্দেহ হয়েছে, আমি সেটি পরিষ্কার করে দিতে চাই। সিনেমাটির সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। ঈদে মুক্তির জন্য ‘অন্তর্জাল’ টিম প্রস্তুত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা সিনেমাটির পারফেকশন নিয়ে রাত-দিন কাজ করছি। সব কাজ শেষ হওয়ার পরও আমরা প্রতিনিয়ত সিনেমাটির কোথায় কী কী লেকিংস আছে, সেগুলো নিয়ে কাজ করছি। কারণ আমরা চাই শতভাগ কমপ্লিট একটি সিনেমা দর্শকদের উপহার দিতে। সে জন্য আমাদের সময় লাগছে।’

‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই নির্মাতা আরও বলেন, ‘এই সিনেমায় কিছু সেন্সেটিভ বিষয় আছে। যেমন রোবটের লুক, তার সাউন্ড, এরপর আইটির গ্রাফিক্স, ভিএফেক্সসহ বেশকিছু নতুন প্রেক্ষাপট রয়েছে যেগুলো নিয়ে আমরা গবেষণা করছি এবং ভুল খুঁজে বের করার চেষ্টা করছি। এসব ভুল খুঁজে বের করতে আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সব কাজ শেষ হওয়ার পর আমরা যদি মনে করি এবার মুক্তি দেওয়া যাবে, তখনই আমরা ‘অন্তর্জাল’ মুক্তি দেব। সেক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাদের একটি সময় নির্ধারাণ করে দেওয়া হয়েছে। দেখা যাক তার মধ্যে আমাদের পারফেকশনের কাজ শেষ হয় কি না।’

কী মনে হচ্ছে, ঈদের আগে শেষ হবে কাজ? উত্তরে দীপঙ্কর দীপন বলেন, ‘অন্তর্জাল’ সিনেমার গল্প সম্পর্কে গণমাধ্যমের সবাই মোটামুটি জেনেছেন। আমরা সেই বিষয়টি মাথায় রেখেই কাজ করছি। আমরা চাই না সিনেমাটি মুক্তির পর কেউ বলুক এটি তো সাইবার ক্রাইমের সঙ্গে মিলছে না। সবাই যেন একটা কমপ্লিট এবং নির্ভুল সিনেমা দেখতে পায় সেই চেষ্টাই করছি। সে জন্য আমাদের টিম কাজ করছে। প্রয়োজন হলে আমাদের টিমে লোক বাড়ানোর নির্দেশনাও দেওয়া আছে প্রযোজক কর্তৃক। আমাদের সময় দেওয়া হয়েছে ২১ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে সব কাজ শেষ করে ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে হবে। তবে এখানে একটি কথা রয়েছে। সেটি হলো যদি আমরা মনে করি আমাদের আরও সময় লাগবে একদম নির্ভুলভাবে কাজটি মুক্তি দিতে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনে আরও দুই সপ্তাহ সময় নেব। ঈদ মিস হলেও সেটা করতে হবে। তাড়াহুড়ো করে সিনেমাটি মুক্তি দিতে চাই না। কারণ এটি শুধু বাংলাদেশের মানুষ দেখুক সেটি আমরা চাই না, আমরা চাই ‘অন্তর্জাল’ দেশের দর্শকদের পাশাপাশি বিদেশি দর্শকও যেন উপভোগ করে। বিদেশিরাও যেন আমাদের সিনেমা দেখে প্রশংসা করে। তবে আমরা সবাই মিলে ঈদে মুক্তি দেওয়ার জন্যই প্রাণপণ চেষ্টা করছি।

এ সময় বিদেশে সিনেমাটি মুক্তির বিষয়ে কি কি পরিকল্পনা নিচ্ছেন জানতে চাইলে নির্মাতা বলেন, ‘অন্তর্জাল’ সিনেমাটি ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ২১টি শহরে মুক্তির পরিকল্পনা রয়েছে। যার জন্য বাংলা ভাষার পাশাপাশি বিভিন্ন ভাষায় ডাবিং করা হবে। সেক্ষেত্রে হিন্দি, ইংলিশের পাশাপাশি স্প্যানিশ ভাষাতেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে। দেশে মুক্তি দেওয়ার এক সপ্তাহ পর বিদেশে মুক্তির বিষয়গুলো নিশ্চিত করা হবে। আপাতত দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার বিষয় নিয়ে আমরা চিন্তা করছি।’ 

‘অন্তর্জাল’ বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনকে।

‘অন্তর্জাল’র গল্প লিখেছেন পরিচালক দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজন করেছে মোশন পিপল স্টুডিও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা