প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ১৩:৪৭ পিএম
পাঁচ সদস্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে সোনার বাংলা সার্কাস ব্যান্ড। খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে গানের দলটি। দুই বাংলাতেই তৈরি করেছে শ্রোতা। মঞ্চে তাদের গান পরিবেশনার ধরন এ সময়ের সব ব্যান্ডের থেকে একেবারেই আলাদা। এ ছাড়া তাদের গানের কথার সঙ্গে শ্রোতারা খুব সহজেই নিজেকে খুঁজে পান। যাত্রা শুরুর দিকে নিজেদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ নিয়ে হাজির হয় দলটি। সেই অ্যালবামের নয়টি গানই দর্শকদের মনে জায়গা করে নেয়।
এবার তারা হাজির হচ্ছে দ্বিতীয় অ্যালবাম নিয়ে। নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করা দলটির ভোকাল ও গিটারিস্ট প্রবর রিপন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আসছে আমাদের দ্বিতীয় অ্যালবাম। এর নাম রেখেছি ‘মহাশ্মশান’। এই অ্যালবাম দিয়ে শ্রোতাদের একটি বড় ধামাকা দিতে চাই আমরা।’
নতুন অ্যালবামে কয়টি গান থাকবে, কবে আসবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকগুলো গান থাকবে। এখনও চূড়ান্ত হয়নি। এ জন্যই কাজটি করতে সময় লাগছে। আর আমরা ভাবছি অ্যালবামটি আসছে শীতের আগে মুক্তি পাবে। কারণ শীতের সময় কনসার্টের সিজন থাকে। এ সময় স্টেজ শো নিয়ে ব্যস্ততা থাকে অনেক। তার আগেই মুক্তি দেব।’
তিনি জানান, ‘এই অ্যালবামের কাজ শুরু হয়েছে অনেক দিন আগে। আমরা গুছিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। এখন কাজটি মাঝপথে আছে। খুব শিগগিরই শেষ হবে। এরপর লিরিক ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে গানগুলো সবার জন্য উন্মুক্ত করা হবে।’
প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই দলের সদস্য পাঁচজন। তারা হলেন প্রবর রিপন (ভোকাল ও গিটারিস্ট), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটারিস্ট), এনামুল হাসান (ড্রামার), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কি-বোর্ড)।