× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিউডের নতুন ছবিতে রাইমা সেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৩ ১৫:৪২ পিএম

বলিউডের নতুন ছবিতে রাইমা সেন

গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবির মাধ্যমে শিরোনামে উঠে এসেছিলেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। একের পর এক বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিল বিবেক পরিচালিত এই ছবি। ছবি ঘিরে তৈরি হওয়া বিতর্কের জবাব দিতে গিয়েও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন পরিচালক। এ বার নতুন করে চর্চার কেন্দ্রে তিনি। সৌজন্যে, তাঁর পরবর্তী ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’।

এই মুহূর্তে ওই ছবির শুটিংয়েই ব্যস্ত রয়েছেন পরিচালক। এ বার সেই দলে যোগ দিলেন বাঙালি অভিনেত্রী রাইমা সেন। ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে মুম্বাইয়ে আছেন রাইমা। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে রাইমার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন বিবেক। ছবির সেটে বাঙালি অভিনেত্রীকে স্বাগতও জানান পরিচালক। ভিডিও বার্তায় বিবেক বলেন, ‘'সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। সেখানেই এই বুদ্ধিদীপ্ত ও সুন্দরী নায়িকার সঙ্গে আমার দেখা হয়। আমি তাঁকে বলি, ‘আপনি এত ভাল অভিনয় করেন, আপনি চরিত্রকে একেবারে প্রাণবন্ত করে তোলেন।’ তখন তিনি জানান, তাঁকে নাকি কেউ হিন্দি ছবিতে কাজের প্রস্তাবই দেন না। সেটা শুনেই আমি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এ রাইমাকে কাস্ট করি।’ বিবেকের ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে যে রাইমা খুব খুশি, তা স্পষ্ট অভিনেত্রীর চোখমুখের অভিব্যক্তিতে। বিবেকের ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা জানিয়ে রাইমা বলেন, নানা পাটেকর, পল্লবী জোশীর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। ছবির শুটিং খুব ভাল ভাবে চলছে। পরিচালক হিসাবে বিবেক ঠিক কেমন? রাইমা জানান, বিবেক খুব শান্ত প্রকৃতির মানুষ, তাঁর সঙ্গে খুব সহজ ভাবে কাজ করা যায়। ছবি নিয়েও বেশ উত্তেজিত রাইমা।

দিন কয়েক আগেই ছবির প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন বিবেক। বিবেকের এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন নানা পাটেকর। ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’-এর পরে বিবেকের সঙ্গে ফের জুটি বেঁধেছেন অনুপম খের। চলতি বছর স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। হিন্দি-সহ মোট ১১টি ভাষায় মুক্তি পাবে এই ছবি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা