প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩ ১২:৩১ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩ ১৩:৩৫ পিএম
টলিউডের আলোচিত জুটি যশ-নুসরাত। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকা এ জুটিকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে এবারের আলোচনা ব্যক্তিগত জীবন নয়। তারা একসঙ্গে বড়পর্দায় আবারও জুটি বেঁধে আসছেন।
নিজেদের নতুন সিনেমার ঘোষণা আসার পর থেকেই কলকাতাভিত্তিক গণমাধ্যমে আলোচনায় তারা। এ সিনেমার বিষয় নুসরাতের ম্যানেজার অভিষেক কলকাতা থেকে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নতুন সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন যশ ও নুসরাত। বিষয়টি নিশ্চিত। তবে সিনেমার নাম এখনও ঠিক হয়নি। আগামী সপ্তাহে ভালো একটি দিন দেখে সিনেমার শুটিং শুরু হবে।’
তিনি জানান, সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা বাবা যাদব। আর এ সিনেমার প্রযোজনার দায়িত্বে আছেন যশ ও নুসরাত। এ বিষয়ে বাবা যাদবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সিনেমার গল্প অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের। গল্প নিয়ে অনেক দিন কাজ করেছি আমরা। এবার শুটিং শুরু করব। এরপর আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। সিনেমার বেশকিছু চরিত্র এখনও নির্বাচন করা হয়নি। সেগুলো শেষ হলেই শুটিং শুরু করব আমরা।’ টলিউডের আলোচিত এ জুটি বর্তমানে ‘শিকার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমায় যশ-নুসরাত ছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্তকে অভিনয় করতে দেখা যাবে।
প্রসঙ্গত, ২০১৯
সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ঘর বাঁধেন নুসরাত জাহান। ২০২০ সালে হুট করে
শোনা যায়, নিখিলের বাড়ি ছেড়ে নুসরাত আলাদা রয়েছেন। এরপর নুসরাত-যশের প্রেমের বিষয়টি
সামনে আসে। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ছড়িয়ে পড়লে নিখিল জানান, তিনি এ সন্তানের
বাবা নন। পরে নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকার করে নুসরাত বিবৃতি দিলে চারদিকে
হইচই পড়ে যায়। এরপর টালিগঞ্জের অভিনেত্রী, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহান
২০২১ সালের ২৬ আগস্ট দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের
জন্ম দেন।